নরসিংদীর হাড়িধোয়া নদীকে দূষণমুক্ত ও পুনরুজ্জীবিত করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আজ শনিবার পাউবোর নরসিংদী কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “হাড়িধোয়া নদী অতিরিক্ত দূষণে জর্জরিত। পুনরায় নদীতে প্রাণ ফিরিয়ে আনতে আমাদের ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এখনো সরকারি অর্থ ছাড়ের আদেশ (জিও) পাওয়া যায়নি। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু হবে।”
স্থানীয়রা অভিযোগ করেন, একসময় স্বচ্ছ জল ও মাছের প্রাচুর্যে ভরা নদীটি এখন শিল্পবর্জ্য, আবাসিক এলাকা থেকে নোংরা পানি ও পলিথিন আবর্জ্যায় মৃতপ্রায় হয়ে পড়েছে। নরসিংদীর এক কলেজের প্রভাষক সোহাগ আহমেদ বলেন, “নদীর দুই তীরে অবস্থিত ডাইং, টেক্সটাইল, ট্যানারি ও খাদ্য প্রক্রিয়াজাতকারখানাগুলো পরিশোধন ছাড়াই রাসায়নিক বর্জ্য ফেলে আসছে। সঙ্গে বাজার ও বাসাবাড়ির ময়লা পানি মিলিয়ে নদীর পানি কালচে ও দুর্গন্ধযুক্ত হয়েছে।”
শিবপুর কারারচরের বাসিন্দা সোহরাব হোসাইন বলেন, “দূষণের কারণে কেউ নদীর পানি ব্যবহার করতে সাহস পাচ্ছে না। মাছ বিলুপ্তির পথে, জেলেরা জীবিকা হারিয়ে পেশা পরিবর্তন করছেন।”
নদী সংরক্ষণ আইনে শিল্পবর্জ্য পরিশোধন ছাড়াই নদীতে ফেলা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান থাকলেও কার্যকর প্রয়োগের অভাব রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। তারা অবিলম্বে শিল্পবর্জ্য শোধনাগার চালু, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদীর তীরে সবুজ বেষ্টনী গঠনের দাবি জানিয়েছেন।
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনসুর আহমেদ জানান, “হাড়িধোয়া নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনতে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। তবে প্রভাবশালী মহল ও কিছু ব্যবসায়ীর কারণে বাধা আসছে। তবু আমরা নিয়মতান্ত্রিকভাবে এগোচ্ছি, আশা করছি হাড়িধোয়া নদী আবার প্রাণ ফিরে পাবে।”

