দীর্ঘদিন ধরে চীন বিশ্ববাজারের উৎপাদন ও রপ্তানির কেন্দ্রবিন্দু হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। মন্থর প্রবৃদ্ধি, রিয়েল এস্টেট খাতের সংকট, উৎপাদক মূল্য সূচকের পতন, শ্রম ব্যয়ের বৃদ্ধি, ভূ-রাজনৈতিক টানাপোড়েন এবং পশ্চিমা বাজারে শুল্ক–বাণিজ্য বাঁধা, সব মিলিয়ে চীনের বাজার দখল ও প্রভাব ক্রমে কমছে। এরই মধ্যে বিশ্ববাণিজ্যে জনপ্রিয় হয়ে উঠেছে “চায়না প্লাস ওয়ান” কৌশল, যেখানে বহুজাতিক কোম্পানিগুলো উৎপাদন ও সরবরাহ চেইনে বৈচিত্র্য আনতে বিকল্প দেশ খুঁজছে।
এই পরিবর্তনের ঢেউ এসে পৌঁছেছে বাংলাদেশের দরজায়। বিশেষ করে পোশাক শিল্পে চীনের হারানো বাজারের একটি বড় অংশ ইতোমধ্যেই বাংলাদেশের হাতে এসেছে। তবে এই সুযোগকে স্থায়ী সাফল্যে রূপ দিতে হলে পণ্যের মান, বৈচিত্র্য এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়িয়ে নতুন বাজার জয়ের প্রস্তুতি নিতে হবে। সঠিক পরিকল্পনা ও কৌশলগত পদক্ষেপের মাধ্যমে এই সুযোগই হতে পারে বাংলাদেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অগ্রগতির সোপান।
পশ্চিমা মার্কেটে চীনের অবনতি, বাংলাদেশের উদীয়মান সুযোগ: যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে দীর্ঘ সময় চীন শীর্ষস্থানীয় হলেও সাম্প্রতিক সময়ে তার প্রাধান্য কমতে শুরু করেছে। এর পেছনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্কযুদ্ধ, পাল্টা শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ), উৎপাদন ব্যয়ের বৃদ্ধি এবং সরবরাহ চেইনের বিভিন্ন উৎস থেকে মালামাল আনার প্রবণতা রয়েছে। এসব কারণে মার্কিন বাজারে চীনের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি প্রায় থমকে গেছে।
২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত চীনের রপ্তানি মাত্র শূন্য দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পায়, যেখানে একই সময়ে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ২৯ শতাংশ। এই পার্থক্যের মূল কারণ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংকটের কারণে চীনের রপ্তানিতে বাঁধা ও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের দ্রুত বর্ধন। ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৩৩ শতাংশ বেশি। এই তথ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (OTEXA) থেকে পাওয়া গেছে।
অন্যদিকে চীনের রপ্তানি বৃদ্ধির হার ছিল উল্লেখযোগ্য। যেমন: ২০২৫ সালের জানুয়ারিতে ৫ দশমিক ৯৬%, ফেব্রুয়ারিতে -৩ দশমিক ০৪%, মার্চে ১২ দশমিক ৬৬%, এবং এপ্রিল মাসে ৮ দশমিক ৩৭%।
পুরো প্রথমার্ধের হিসাবেও চিত্রটি স্পষ্ট। ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ১৩ শতাংশ বেশি। একই সময়ে চীনের রপ্তানি কমেছে প্রায় ১ দশমিক ১১ বিলিয়ন ডলার। বিপরীতে বাংলাদেশের বেড়েছে ৮৫ কোটি ডলার এবং ভিয়েতনামের বেড়েছে ১১৯ কোটি ডলার। বর্তমানে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে বাংলাদেশের বাজার অংশ ১০ শতাংশে পৌঁছেছে, যা গত বছর ছিল ৯ দশমিক ২৬ শতাংশ। এই প্রবৃদ্ধি শীর্ষ ১০ রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্র প্রশাসনের নতুন পাল্টা শুল্ক কাঠামো এই প্রবণতাকে আরও গতি দিয়েছে। ৩১ জুলাই ঘোষিত সংশোধিত শুল্কহারে বাংলাদেশ ও ভিয়েতনামের পণ্যে ২০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে, যা তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করেছে। ভারতের পণ্যে এই হার ২৫ শতাংশ হলেও সম্প্রতি রাশিয়ার জ্বালানি তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় সেটি দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও পাকিস্তানের পণ্যে শুল্কহার ১৯ শতাংশ, আর চীনের ক্ষেত্রে এটি বর্তমানে ৩০ শতাংশ। যদিও ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শুল্ক নিয়ে আলোচনা চলছে, তবুও বাজারে এর প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট।
অটেক্সার সর্বশেষ পরিসংখ্যান এবং শিল্প সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, চীনের হারানো বিপুল পরিমাণ ক্রয়াদেশ ধীরে ধীরে বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে। গত ছয় থেকে আট মাস ধরে এর প্রতিফলন পোশাক কারখানাগুলোতে দেখা যাচ্ছে, আর সামনের মৌসুমে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোর কারণে এই ধারা আরও জোরদার হবে। প্রস্তুতকারকদের মতে, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বর্তমানে বাংলাদেশ একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে, যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান গড়ে তোলা সম্ভব হবে।
চীনের বাজারে বাংলাদেশের বাস্তবিক চ্যালেঞ্জ: চীনের বাজারে বাংলাদেশের জন্য সম্ভাবনা যত বড়, বাস্তব চ্যালেঞ্জও ততটাই জটিল। ২০২০ সালের ১ জুলাই থেকে চীন বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ বা ৮ হাজার ২৫৬টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এই সুবিধা নিঃসন্দেহে একটি বড় কূটনৈতিক ও বাণিজ্যিক অর্জন হলেও, এখনো এর পূর্ণ সুফল কাজে লাগানো সম্ভব হয়নি। প্রধান কারণ হচ্ছে চীনের বাজারের অতিমাত্রায় প্রতিযোগিতামূলক পরিবেশ, যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানি পণ্য বিশেষত পোশাক, টেক্সটাইল ও আড়ি বা তাঁত শিল্প সহজে জায়গা করে নিতে পারছে না।
চীনের অর্থনীতি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং সেখানে পণ্যের চাহিদা যেমন বৈচিত্র্যময়, তেমনি মানের দিক থেকেও অত্যন্ত উচ্চমানের। অথচ বাংলাদেশের রপ্তানি এখনো খুব সীমিত পরিসরে আবদ্ধ। কৃষিপণ্য, প্রযুক্তি-ভিত্তিক সেবা কিংবা নতুন উদ্ভাবনী পণ্যে প্রবেশের সুযোগ থাকলেও, বৈচিত্র্যের অভাব আমাদের প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হয়েছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। তবে কৃষিপণ্য, চামড়াজাত দ্রব্য, হালকা প্রকৌশল, ওষুধ এবং আইটি সেবা খাতে আরও প্রবেশাধিকার অর্জনের সুযোগ রয়েছে।
সবচেয়ে বড় বাঁধা হচ্ছে বাণিজ্য ঘাটতি। চীন থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় অনেক বেশি, ফলে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের বিপরীতে অবস্থান করছে। এই অবস্থায় শুধু শুল্কমুক্ত সুবিধা থাকাই যথেষ্ট নয়; প্রয়োজন বাজারের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য তৈরি ও সঠিক বিপণন কৌশল গ্রহণ করা। দুর্বল বিপণন ব্যবস্থা, বাজার গবেষণার অভাব এবং চীনা ভোক্তাদের রুচি-প্রবণতা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব এই প্রক্রিয়াকে ধীর করছে।
এছাড়া ভৌগোলিক দূরত্ব ও উচ্চ লজিস্টিক খরচও চীনের বাজারে প্রতিযোগিতা কমিয়ে দেয়। পণ্য পরিবহন ও সরবরাহ শৃঙ্খলা উন্নত না হলে দ্রুত এবং কার্যকরভাবে ক্রেতার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এই বাস্তব চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে বাংলাদেশকে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে, উৎপাদনের মান আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে হবে, বাজার গবেষণা ও অনলাইন বিপণন জোরদার করতে হবে এবং চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল গ্রহণ করতে হবে। কেবল শুল্কমুক্ত প্রবেশাধিকার নয়, গুণগত উন্নয়ন, উদ্ভাবন ও দক্ষতা দিয়েই চীনের মতো বিশাল বাজারে দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন সম্ভব।
সুফল ও সুপারিশ: চীনের বাজারে বাংলাদেশের সুযোগ সর্বোত্তমভাবে কাজে লাগাতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রথমতঃ পোশাক শিল্পের সাম্প্রতিক অগ্রগতি খুবই স্বাগত, বিশেষ করে যখন বিশ্ববাজারে চীনের অবস্থান কিছুটা কমে এসেছে। তবে এই সুফল ধরে রাখতে এবং বাড়াতে হলে আমাদের উৎপাদনের মান উন্নয়ন, আধুনিক সরবরাহ চেইন গঠন এবং কর্মী দক্ষতা বৃদ্ধিতে আরও জোর দিতে হবে। বিশ্বমানের পণ্য তৈরি ও দ্রুত সরবরাহ নিশ্চিত করাই হবে সফলতার চাবিকাঠি।
দ্বিতীয়ত: পোশাক ও টেক্সটাইল শিল্পে নির্ভরতা কমিয়ে পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করা প্রয়োজন। কৃষি খাতের মতো সেক্টর যেমন: আম ও অন্যান্য ফল-মূল, সেবা খাত এবং প্রযুক্তি নির্ভর নতুন উদ্যোগগুলোতে আরও বেশি মনোযোগ দিতে হবে। এইসব ক্ষেত্র থেকে রপ্তানি বাড়ানো গেলে বাজারের ঝুঁকি কমবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে।
তৃতীয়ত: চীনসহ অন্যান্য দেশের সঙ্গে যেসব শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাচ্ছে, সেগুলোকে কার্যকরভাবে ব্যবহার করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এর জন্য মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণ কার্যক্রমে বিনিয়োগ বাড়াতে হবে যাতে পণ্যের গুণগত মান বজায় থাকে এবং বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা বাড়ে।
চতুর্থতঃ চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) বা সম্পর্ক আরও গভীর করার জন্য যুক্তিবদ্ধ ও কৌশলগত অর্থনৈতিক চুক্তি করা উচিত। এর মাধ্যমে আমাদের পণ্যের বাজারে প্রবেশ আরও সহজ ও সুবিধাজনক হবে, যা বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
পরিশেষে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মনোযোগ দিতে হবে। গ্যাস সংকট, কাঁচামালের আমদানি ও উৎপাদন প্রক্রিয়ায় বাঁধাগুলো কাটিয়ে উঠতে হলে সঠিক ও টেকসই বিনিয়োগ প্রয়োজন। একই সঙ্গে উৎপাদনশীলতার জন্য প্রয়োজনীয় ব্যাকওয়ার্ড লিংকেজ ও লজিস্টিক সাপোর্ট গড়ে তোলা জরুরি, যা আমাদের রপ্তানিকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করবে। এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ চীনের বড় ও গুরুত্বপূর্ণ বাজারে প্রবেশের পাশাপাশি বিশ্ববাজারে নিজের অবস্থান শক্তিশালী করতে পারবে।
চীনের বাজারে বাংলাদেশের হারানো সুযোগ এখন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশ্ববাজারে চীনের অবনতি এবং পাল্টা শুল্কের প্রভাব বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে যা আমাদের পোশাক শিল্পসহ অন্যান্য রপ্তানি খাতের উন্নয়নে কাজ করতে হবে। তবে এই সুযোগকে পূর্ণমাত্রায় কাজে লাগাতে হলে উৎপাদনের গুণগত মান উন্নয়ন, পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, কার্যকর বিপণন ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলা জরুরি। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও শুল্ক সুবিধার যথাযথ ব্যবহার আমাদের বাজার সম্প্রসারণে সহায়ক হবে। তাই এখন সময় এসেছে বাংলাদেশকে আধুনিক ও বৈচিত্র্যময় পণ্যের মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার এবং দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। এই সুযোগকে সফলতার সিঁড়ি হিসেবে গ্রহণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

