দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হওয়ায় বড় করপোরেট ঋণখেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রায় ২৫০টি প্রতিষ্ঠানকে এই সুবিধা দেওয়া হবে। তারা ঋণ পরিশোধের সময় আরও পাঁচ থেকে পনের বছর পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে। ন্যূনতম এক শতাংশ ডাউন পেমেন্ট এবং সর্বোচ্চ তিন বছরের গ্রেস পিরিয়ডও দেওয়া হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠানভিত্তিক শর্ত ভিন্ন হবে। এই তালিকায় আছে আব্দুল মোনেম গ্রুপ, ওরিয়ন গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, তানাকা গ্রুপসহ অনেক বড় শিল্পগোষ্ঠী। তাদের ঋণ খেলাপির পরিমাণ শত শত কোটি টাকা। স্টিল, টেক্সটাইল মিল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও জুতা তৈরির প্রতিষ্ঠানও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রায় এক হাজার ২৫০টি প্রতিষ্ঠান বিশেষ নীতি সহায়তার জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২৫০টির বেশি প্রতিষ্ঠানকে বাছাই করে এই সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বৈদেশিক মুদ্রার অবমূল্যায়ন, জ্বালানির ঘাটতি ও পূর্ববর্তী সরকারের সময় রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়াই মূল লক্ষ্য। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের এই সুবিধা দেওয়া হবে না।’
ঋণ পুনঃতফসিলের জন্য আবেদন পর্যালোচনা করতে বাংলাদেশ ব্যাংক আট মাস আগে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী, আব্দুল মোনেম লিমিটেডের ২৪টি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে ৬৯৮ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে।
আব্দুল মোনেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মঈনুদ্দিন মোনেম বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা ও অন্যান্য কারণে ব্যবসা কমে গেছে। আগে মাসে ৫০টি প্রজেক্ট পাওয়া যেত, এখন মাত্র দু-একটি।’ তিনি অভিযোগ করেন, ‘১৬ শতাংশ সুদে কিস্তি পরিশোধের পরও বকেয়া ঋণ বাড়ছে। এত সুদ দিয়ে ব্যবসা চালানো কঠিন।’ এছাড়া ডলারের দাম বেড়ে যাওয়াকেও ঋণের বেড়ে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন।
ওরিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওরিয়ন অয়েল অ্যান্ড শিপিংয়ের খেলাপি ঋণ ৮৮২ কোটি টাকা। গত মার্চ পর্যন্ত জনতা, রূপালী, এবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিভিসি ফাইন্যান্সে ঋণ খেলাপি হয়েছে। ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন, তারা ঋণ পুনঃতফসিলের সুবিধা পাবেন। তিনি বলেন, ‘বৈদেশিক মুদ্রার অস্থিরতার কারণে খেলাপি ঋণ হয়েছে।’
তানাকা গ্রুপের খেলাপি ঋণ মাত্র অগ্রণী ব্যাংকেই ৯২৬ কোটি টাকা। দেশবন্ধু গ্রুপও নীতি সহায়তার অনুমোদন পেয়েছে। এছাড়া ড্যান্ডি ডাইং লিমিটেড, বেঙ্গল গ্রুপ, অ্যাম্বিয়েন্ট স্টিল বিডি, জিপিএইচ ইস্পাত, প্রাইম গ্রুপ, আনোয়ার গ্রুপ, সিল্কওয়ে গ্রুপ, সাদাব ফ্যাশন ও এপেক্স উইভিংসহ আরও অনেক প্রতিষ্ঠান এই সুবিধা পেতে যাচ্ছে।
জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ব্যাংকের নিয়মিত গ্রাহক। উৎপাদন সচল রাখতে এবং সুসম্পর্ক রাখতে নীতিগত সহায়তার জন্য আবেদন করেছি।’ গত জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের নির্বাহী পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করে ঋণ পুনঃতফসিলের জন্য নীতি সহায়তা প্রদানের প্রস্তাব দেওয়া হয়। তারা ডজনখানেক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে এবং বিভিন্ন শর্ত দিয়ে সহায়তা প্রস্তাব করেছে। প্রথমে আবেদন করার সময়সীমা ছিল ৩০ এপ্রিল, পরে বাড়িয়ে ৩১ মে করা হয়।
প্রতিষ্ঠানভেদে ভিন্ন প্রয়োজন অনুযায়ী ভিন্ন নীতি সহায়তা দেওয়া হবে। কেউ ডাউন পেমেন্ট কম পেতে পারে, কেউ দীর্ঘমেয়াদী সময় পেতে পারে। সুবিধা পেয়ে তারা ব্যবসা চালিয়ে যেতে পারবে।’ তবে ব্যাংক কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এই ধরনের সুবিধা ঋণ পরিশোধ না করার প্রবণতাকে উৎসাহিত করতে পারে এবং ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে।
গত বছর আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে খেলাপি ঋণ বাড়তে থাকে। ২০২৫ সালের মার্চে তা রেকর্ড পরিমাণ চার লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকায় পৌঁছে। অনেক ঋণগ্রহীতা নীতি সহায়তা পাওয়ার আশায় কিস্তি বন্ধ রেখেছে। এতে ব্যাংকের ঋণ ফেরত পাওয়া আরও কঠিন হচ্ছে। অগ্রণী ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নীতি সহায়তার জন্য আবেদন করার পর প্রায় সব ঋণগ্রহীতা কিস্তি পরিশোধ বন্ধ করে দিয়েছে। ফলে ব্যাংকের সমস্যা বাড়ছে।’

