দেশে গ্যাস সরবরাহ ব্যবস্থায় প্রতি বছরই সিস্টেম লস হচ্ছে বিপুল পরিমাণ গ্যাস। এর আর্থিক মূল্য সাড়ে তিন থেকে চার হাজার কোটি টাকার মধ্যে। যা সরকারের দেয়া গ্যাস ভর্তুকির প্রায় অর্ধেক। ২০২৪-২৫ অর্থবছরেও পেট্রোবাংলার হিসাব অনুযায়ী সিস্টেম লস প্রায় একই পরিমাণ ছিল।
পেট্রোবাংলা সিস্টেম লস বলতে বুঝায়—বিতরণ ব্যবস্থায় ত্রুটি, অবৈধ সংযোগ ও চুরি যাওয়া গ্যাস। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলেন, উচ্চমূল্যের গ্যাস কিনে বিতরণ কোম্পানিগুলো গ্যাস অপচয়কে সিস্টেম লস বা চুরি হিসেবে দেখানো উদ্বেগজনক। তারা বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে লোকসান কমানো সম্ভব। কারণ সিস্টেম লসের নামে যেসব গ্যাস হারানো হচ্ছে তার সঠিক হিসাব নেই।
রাজধানীর পেট্রোসেন্টারে গতকাল ‘দেশের জ্বালানি নিরাপত্তা, প্রতিবন্ধকতা, মোকাবিলা ও মিডিয়ার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বুয়েটের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে পেট্রোবাংলার কর্মকর্তারা গ্যাস খাতের সরবরাহ, অনুসন্ধান ও আর্থিক চিত্র নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেন। সেখানেই সিস্টেম লস বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
পেট্রোবাংলার আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সিস্টেম লসের হার ছিল ৭.৪৪ শতাংশ। গ্যাসের পরিমাণ প্রায় ১ হাজার ৪৫১ মিলিয়ন ঘনমিটার। আর্থিক ক্ষতি প্রায় ৩ হাজার ২৮৬ কোটি টাকা। পুরো অর্থবছর ধরলে ক্ষতি ৪ হাজার কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পূর্ববর্তী অর্থবছর ২০২৩-২৪ এ গ্যাস বিতরণ কোম্পানিগুলোর সিস্টেম লসে অপচয় ও চুরি হয়েছিল ২ হাজার ৩৬ মিলিয়ন ঘনমিটার, যার আর্থিক মূল্য ছিল ৩ হাজার ৭৮৯ কোটি ৫০ লাখ টাকা।
সরকার গ্যাস সরবরাহ সংকট কমাতে বিদেশ থেকে উচ্চমূল্যের এলএনজি আমদানি করছে। স্থানীয় গ্যাসের সঙ্গে মিশিয়ে তা বিক্রি হলেও গ্রাহক পর্যায়ে অর্থের ঘাটতি ভর্তুকির টাকায় পূরণ করে পেট্রোবাংলা। ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটি গ্যাস খাতে সরকারের কাছ থেকে পেয়েছে ৮ হাজার ৯০০ কোটি টাকা ভর্তুকি। এ ভর্তুকির প্রায় অর্ধেকই যায় চুরি ও অপচয় হওয়া গ্যাসে।
দেশের উৎপাদন কোম্পানিগুলো থেকে গ্যাস নিয়ে বিতরণ কোম্পানির ইনটেক পয়েন্টে পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করে সঞ্চালন সংস্থা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড । বিশেষজ্ঞরা বলছেন, উচ্চচাপ ক্ষমতাসম্পন্ন এ সঞ্চালন লাইনে গ্যাস অপচয়ের সুযোগ খুবই কম। সঞ্চালন কোম্পানির সিস্টেম লস মাত্র ২ শতাংশ। পেট্রোবাংলা এটিকে চুরি বা নষ্ট হিসেবে নয়, বরং কারিগরি ত্রুটি হিসেবে দেখছে।
বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, ‘সঞ্চালন কোম্পানির ২ শতাংশ সিস্টেম লস যুক্তিযুক্ত নয়। এটি উদ্বেগজনক। বিষয়টি পেট্রোবাংলাকে গভীরভাবে খতিয়ে দেখতে হবে।’
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, ‘গ্যাসের সিস্টেম লস ধাপে ধাপে কমানো হচ্ছে। এখন এটি একক অঙ্কের মধ্যে আছে। সঞ্চালন লাইনের কারিগরি ত্রুটি তদারকি করা হচ্ছে। অবৈধ সংযোগ বন্ধে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক কাজ করছেন।’ তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন উচ্ছেদ ও টেকনিক্যাল বিষয়গুলো নিয়েও কাজ চলছে।
সেমিনারে পেট্রোবাংলার কূপ খনন, রিগ ক্রয়, স্থল ও সাগর থেকে গ্যাস অনুসন্ধান, এলএনজি আমদানিতে ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণ, বিল বকেয়া ইত্যাদি নানা বিষয় আলোচনা হয়। উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালকগণ, জ্বালানি খাতে কর্মরত সাংবাদিক সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ ও অন্যান্য সংশ্লিষ্টরা।

