দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও উর্ধ্বমুখী ধারায় ফিরেছে, যা অর্থনীতিতে একধরনের স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে। রপ্তানি আয়ের স্থিতিশীল প্রবৃদ্ধি আর প্রবাসী আয় (রেমিট্যান্স)-এর ধারাবাহিক বৃদ্ধি এ ইতিবাচক পরিবর্তনের মূল চালিকা শক্তি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ৩০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ মানদণ্ডে হিসাব করলে নিট রিজার্ভ দাঁড়াচ্ছে ২৫ দশমিক ৬ বিলিয়ন ডলার।
এক বছর আগের চিত্র ছিল একেবারেই ভিন্ন। ২০২৪ সালের আগস্টের শুরুতে মোট রিজার্ভ ছিল মাত্র ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার, আর নিট রিজার্ভ নেমে গিয়েছিল ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে। সেই সময় ব্যয়যোগ্য রিজার্ভ ছিল ১৪ বিলিয়ন ডলারের ঘরে—যা অর্থনীতিতে চাপের সংকেত দিয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, প্রবাসী আয় ও রপ্তানি খাতের ধারাবাহিক উন্নতি শুধু রিজার্ভে স্বস্তি ফেরায়নি, বরং বৈদেশিক মুদ্রাবাজারেও স্থিতিশীলতা এনে দিয়েছে। দীর্ঘ সময়ের চাপ কাটিয়ে এখন রিজার্ভ অনেকটাই স্বস্তিকর অবস্থানে রয়েছে।
বর্তমানে ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় ২০ বিলিয়ন ডলার। মাসিক গড় আমদানি ব্যয় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার ধরা হলে, এই রিজার্ভ দিয়ে বাংলাদেশ সাড়ে তিন মাসের বেশি আমদানি খরচ নির্বিঘ্নে মেটাতে পারবে। আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের ন্যূনতম রিজার্ভ তিন মাসের আমদানি ব্যয় সমান হওয়া উচিত—সে হিসেবে বাংলাদেশ এখন নিরাপদ সীমার মধ্যে রয়েছে।

