দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক লেনদেনকে সহজতর করতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), সেবা পে ও মাস্টারকার্ড মিলিয়ে প্রথমবারের মতো ‘কম্প্যানিয়ন প্রিপেইড কার্ড’ চালু করেছে। আজ রবিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে এক হোটেলে এ কার্ডের উদ্বোধন করা হয়।
বিশেষ এই কার্ডটি মূলত সেবা পে-এর ব্যবসা-টু-ব্যবসা (বি-টু-বি) প্ল্যাটফর্মে লেনদেন করা এসএমই খুচরা বিক্রেতাদের জন্য তৈরি করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ব্যবসায়িক লেনদেন, অর্থপ্রবাহ নিয়ন্ত্রণ, সময়মতো বিল পরিশোধসহ নানা সুবিধা এই কার্ডে অন্তর্ভুক্ত। কার্ডটিতে এনএফসি প্রযুক্তির মাধ্যমে স্পর্শ না করেই দ্রুত পেমেন্ট করার সুবিধা, এটিএম থেকে টাকা তোলা এবং দেশ-বিদেশে অনলাইন ও অফলাইন লেনদেন করার সুযোগ থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা, এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও সেবা পের চেয়ারম্যান আদনান ইমতিয়াজ হালিম।
এমটিবির এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “হিসাব ছাড়াই আধুনিক আর্থিক সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের জন্য একটি বড় অগ্রগতি।” সেবা পের চেয়ারম্যান আদনান ইমতিয়াজ হালিম বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ডিজিটাল লেনদেনকে আরও সহজ করে তোলা, যাতে গ্রাহকরা ব্যাংকিং চ্যানেলের ওপর নির্ভর না করেই আর্থিক কাজকর্ম নির্বিঘ্নে করতে পারেন।”
এছাড়া সাধারণ গ্রাহকদের জন্যও ভোক্তা প্রিপেইড কার্ড চালু হয়েছে, যা প্লাস্টিক ও ভার্চুয়াল দুই রকমেই পাওয়া যাবে। কার্ডধারীরা মাস্টারকার্ডের বিভিন্ন অফার উপভোগের পাশাপাশি দেশের ৯ হাজারেরও বেশি মার্চেন্ট পয়েন্টে ছাড় পেতে পারবেন।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “দেশের প্রথম এই প্রিপেইড কার্ড ডিজিটাল গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দেবে এবং সহজ, নিরাপদ ও দ্রুত লেনদেন সেবা দেওয়ার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে কাজ করবে।”

