জাতীয় পুষ্টির চাহিদা পূরণ, গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ এবং কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার গবাদি পশুর জাত উন্নত করে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির একটি ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে ‘দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির জন্য প্রুভেন বুল উৎপাদন’ নামে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়িত হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) যৌথভাবে পরিচালিত এই প্রকল্পটি চারটি বিভাগের ১৮ জেলা ও ৯৩টি উপজেলায় ৬৯ কোটি টাকার সরকারি তহবিলের আওতায় বাস্তবায়িত হবে।
প্রকল্পে দেশি-ফ্রিজিয়ান, দেশি-সাহিওয়াল ক্রস, লাল চট্টগ্রাম, পাবনা, মুন্সীগঞ্জ এবং উত্তরবঙ্গের ধূসর জাতের মোট ৪০০টি ষাঁড় বাছুর নির্বাচন করা হবে। এসব বাছুরের গড় দুধ উৎপাদনের ভিত্তিতে তাদের কর্মক্ষমতা যাচাই করা হবে। এরপর বাছাইকৃত ২০০টি ষাঁড়কে ‘প্রুভেন বুল’ হিসেবে ঘোষণা করা হবে। এদের থেকে সংগ্রহ করা বীর্য দিয়ে উচ্চ ফলনশীল গবাদি পশুর প্রজনন করা হবে।
ডিএলএস-এর প্রকল্প পরিচালক ড. এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রুভেন বুল’ ব্যবহার করে দুধ ও মাংস উৎপাদনে উন্নত গবাদি পশু গড়ে তোলা সম্ভব হবে। এটি গবাদি পশুর প্রজনন ও উৎপাদনশীলতা বাড়াতে বিশেষ সহায়ক হবে। প্রকল্পের মূল লক্ষ্য গবাদি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধি, দেশীয় জাতের জিনগত বৈশিষ্ট্য সংরক্ষণ এবং কৃষক ও মাঠ কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ধাপ।
জাতীয় প্রাণিসম্পদ উন্নয়ন নীতি ২০০৭ অনুসারে উন্নত ষাঁড়ের সঠিক জেনেটিক মূল্যায়নের মাধ্যমে কঠোর নির্বাচন জরুরি। গ্রামীণ এলাকায় অনেক হাইব্রিড গাভী ইতিমধ্যে প্রতিদিন ২৫ থেকে ৩০ লিটার দুধ উৎপাদন করছে, কিন্তু উচ্চ ফলনের জন্য মানসম্মত বীর্য ব্যবহারের প্রয়োজন রয়েছে। অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত প্রজনন, নির্বিচারে বীর্য ব্যবহার প্রজনন ক্ষমতা ও গাভীর উৎপাদনশীলতা কমাচ্ছে। তাই প্রমাণিত উন্নত জাতের ষাঁড়ের বিকাশ জরুরি।
প্রকল্পের আওতায় ৩৪ হাজার ৩৭৫ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হবে। ‘এলিট গরু’ কর্মসূচির মাধ্যমে ৭ হাজার ৫০০ উচ্চ উৎপাদনক্ষম গাভীর মালিককে প্রণোদনা দেওয়া হবে। এছাড়া উন্নত জাতের ষাঁড়ের বীর্য ব্যবহারে উৎসাহিত করতে টিকা, ওষুধ ও পশুখাদ্য সরবরাহ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একজনের জন্য দৈনিক ২৫০ মিলিলিটার দুধ গ্রহণের পরামর্শ দেয়। তবে বাংলাদেশে গৃহস্থালী আয় ও ব্যয় সমীক্ষা ২০২২ অনুযায়ী, দৈনিক গড় দুধ গ্রহণ মাত্র ৩৪.১ গ্রাম, যা অনেক কম। তাই দুধ উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়োজন স্পষ্ট।
সরকারের বিভিন্ন উদ্যোগে দেশে প্রায় দেড় লাখ গরু-ছাগলের খামার গড়ে উঠেছে। নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে মোট দুধ উৎপাদনকারী খামারের সংখ্যা প্রায় ১২ লাখ। এই খাতে প্রায় এক কোটি মানুষ কাজ করছেন। এতে গরু ও ছাগল উৎপাদনে নীরব বিপ্লব দেখা যাচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে, বর্তমানে নিবন্ধিত খামারের সংখ্যা ৬৬ হাজার এবং অনিবন্ধিত ৭০ হাজার। মোট খামার ১ লাখ ৩৬ হাজার। প্রাণিসম্পদ অধিদপ্তরের তালিকাভুক্ত খামারির সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ৪১৬ জন। দুগ্ধশিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের প্রকল্প বাস্তবায়ন দুধের ঘাটতি পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

