প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তিন দিনের এই সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান এই তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
সফরে প্রধানত শ্রমবাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার ও কৃষিসহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এটি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ফিরতি সফর। গত অক্টোবর মাসে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেছিলেন। সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যান্য কর্মকর্তারা হতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শাহ আসিফ রহমান বলেন, আগামী ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। সফরের সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে। পাশাপাশি শ্রমবাজার, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার ও কৃষিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলাদা গুরুত্ব দেওয়া হবে।

