২০১৬ সালে চার প্রকৌশলী মিলে গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের তার ও কেবল উৎপাদনের লক্ষ্যে গড়ে তোলা হয় এমিনেন্স ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড কেব্লস লিমিটেড। ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে চার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে প্রকল্পটিতে অর্থায়ন করে।
তবে ডলারের দাম বাড়া ও চলতি মূলধনের ঘাটতির কারণে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদন শুরু করার আগেই ঋণখেলাপিতে পরিণত হয়। শতকোটি টাকা খেলাপি ঋণের বোঝা পড়ে ন্যাশনাল ব্যাংক, রূপালী ব্যাংক, এক্সিম ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্সের ওপর।
এ অবস্থায় পুরো ঋণ ও দায়দেনা পরিশোধের শর্তে প্রকল্পটি কিনে নিচ্ছে আকিজ বশির গ্রুপ। এ জন্য তারা প্রায় ১১০ কোটি টাকা বিনিয়োগ করছে। ইতিমধ্যে ঋণের একটি অংশ শোধ হয়েছে। অক্টোবরের মধ্যে পুরো অর্থ পরিশোধের পর কারখানার মালিকানা নেবে গ্রুপটি। এর মাধ্যমে তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতের পণ্য উৎপাদনে বড় পরিসরে যাত্রা শুরু করতে চায়।
ব্যাংক কর্মকর্তারা জানান, এতে আকিজ বশির গ্রুপ যেমন লাভবান হবে, তেমনি তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোরও উপকার হবে। ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক তাদের বিনিয়োগের পুরো অর্থ ফেরত পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম বলেন, “আমরা ঋণের কিছু অর্থ ইতিমধ্যে পেয়েছি। বাকি টাকাও দ্রুত পাব। বড় শিল্পগ্রুপগুলো এগিয়ে এলে কোনো কারখানা বন্ধ পড়ে থাকবে না।”
গোদারচালা এলাকায় অবস্থিত এই কারখানার লক্ষ্য ছিল উচ্চমানের অ্যালুমিনিয়াম ও কপার কেবল, উচ্চ ভোল্টেজ কেবল এবং খোলা কপার কেবল উৎপাদন। বার্ষিক উৎপাদনক্ষমতা ধরা হয়েছিল ৬৭ হাজার ১৫০ কিলোমিটার। মোট ব্যয় ছিল ১১২ কোটি টাকা। এর মধ্যে ৬৯ কোটি টাকা অর্থায়ন করে ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে চার প্রতিষ্ঠান, বাকিটা উদ্যোক্তাদের বিনিয়োগ।
প্রকল্প শুরুর সময় ডলারের দাম ছিল ৮০ টাকা। ২০২১ সালে তা বেড়ে হয় ৮৫ টাকা। করোনার প্রভাবে নির্মাণ ব্যয় বাড়ে আরও ৫ কোটি টাকা। ওই বছর প্রতিষ্ঠানটি ৭৮ লাখ ডলারের যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলে, যা পরে ফোর্সড ঋণে পরিণত হয়। ২০২২ সালে ডলারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে ৬৯ কোটি টাকার ঋণ বেড়ে দাঁড়ায় ১১৫ কোটি টাকায়। চলতি মূলধন না পাওয়ায় উৎপাদন শুরু সম্ভব হয়নি। আকিজ বশির গ্রুপের সিওও মো. খোরশেদ আলম জানান, “আগামী নভেম্বর থেকে কম ভোল্টেজ তার উৎপাদন শুরু করব। পরে বাজার চাহিদা অনুযায়ী পণ্য বৈচিত্র্য আনা হবে।”
এক বছরের বেশি সময় ধরে এমিনেন্সের উদ্যোক্তারা প্রকল্প বিক্রির চেষ্টা করছিলেন। আকিজ বশির গ্রুপও বিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনে প্রবেশের জন্য পুরোনো কারখানা খুঁজছিল। শেষ পর্যন্ত এমিনেন্সের সঙ্গে চুক্তি হয় ৬ আগস্ট।
চুক্তি অনুযায়ী, আকিজ বশির গ্রুপ ব্যাংক ঋণের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, সরবরাহকারীদের বিলসহ অন্যান্য দায়ও পরিশোধ করবে। ন্যাশনাল ব্যাংকের ঋণ ৮৪ কোটি ৭২ লাখ, রূপালী ব্যাংকের ১৬ কোটি ২৭ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ৪ কোটি ১৩ লাখ এবং এক্সিম ব্যাংকের ২ কোটি ৬০ লাখ টাকা। এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম বলেন, “আমরা ৫ লাখ টাকা পেয়েছি। ৬০ দিনের মধ্যে বাকি অর্থও পেয়ে যাব। এটি আমাদের জন্য ইতিবাচক।

