চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল, লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অপারেটর নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
গতকাল রোববার বিকেলে বন্দরের চার নম্বর ফটকে ‘শিপিং ও লজিস্টিকস অনলাইন ডেস্ক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ শুরু হয় গত আগস্টে, আওয়ামী লীগ সরকারের সময়। এর মধ্যে এনসিটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, লালদিয়ার চরের টার্মিনালে নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস এবং বে টার্মিনালের একটি অংশে ডিপি ওয়ার্ল্ড ও অন্যটিতে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে।
বর্তমানে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক লিমিটেড নিউমুরিং টার্মিনালটি পরিচালনা করছে। বাকি তিনটি টার্মিনাল এখনো নির্মাণাধীন, যেখানে বিদেশি বিনিয়োগে অবকাঠামো তৈরি করে পরিচালনা করতে হবে।
আশিক চৌধুরী বলেন, “ডিসেম্বরের মধ্যে আমরা বন্দরে কিছু বড় পরিবর্তন আনতে চাই। কিছু চুক্তি সই করব, যাতে নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিলেও কাজ থেমে না যায়। আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই, যেখানে উন্নয়নের চাকা থামানো সম্ভব হবে না।”
তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্ব র্যাঙ্কিংয়ে ওপরে তুলতে হলে সেরা অপারেটর আনা জরুরি। “আমরা সফটওয়্যার চালু করেছি, যা বন্দরের কার্যক্রম অটোমেশন করবে। এতে কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা কমবে, দুর্নীতি ও হয়রানির অভিযোগও হ্রাস পাবে। ভবিষ্যতে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তারও ব্যবহার হতে পারে।”
চিটাগাং ড্রাইডক লিমিটেডের হাতে টার্মিনাল হস্তান্তরের পর প্রথম মাসে কনটেইনার ওঠানামার হার বেড়েছে প্রায় ৩০ শতাংশ, আর পণ্য খালাসের সময় কমেছে ১৩ শতাংশ। গত অর্থবছরে এনসিটিতে ১৩ লাখ কনটেইনার ওঠানামা হয়েছে। বর্তমান ধারা বজায় থাকলে এ বছর তা ১৭ লাখে পৌঁছাতে পারে।
আশিক চৌধুরী জানান, ২০৩০ সালের মধ্যে বন্দরের সক্ষমতা চার থেকে পাঁচ গুণ বাড়ানোর পরিকল্পনা আছে। বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপে পণ্য পৌঁছাতে ভিয়েতনামের তুলনায় তিন থেকে চার গুণ বেশি সময় লাগে। “আমরা চাই ২০৩০ সালের মধ্যে ভিয়েতনামের চেয়েও দ্রুত পণ্য খালাস করতে,” বলেন তিনি। অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

