বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যাকে অনেকেই ‘নারিকেল জিঞ্জিরা’ নামে চেনে। কেবল পর্যটনের স্বর্গ নয়, এটি আমাদের সামুদ্রিক জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার। কিন্তু অবাধ পর্যটন, অবৈজ্ঞানিক অবকাঠামো ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দীর্ঘদিন ধরে এই দ্বীপের অস্তিত্বই হুমকির মুখে পড়েছিল। প্রবাল নিধন, বর্জ্য দূষণ ও বাস্তুসংস্থানের ক্ষয়ে দ্বীপটি হারাচ্ছিল তার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য।
সাম্প্রতিক বছরগুলোতে সরকার ও পরিবেশবিদদের উদ্যোগে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। কঠোর পর্যটন নিয়ন্ত্রণ, প্লাস্টিকমুক্ত নীতি, বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয়দের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সব মিলিয়ে সেন্ট মার্টিন এখন উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এই পরিবর্তন কেবল দ্বীপের প্রকৃতিকে পুনরুজ্জীবিত করছে না, বরং ভবিষ্যতের জন্য টেকসই উন্নয়নের পথও প্রশস্ত করছে।
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এক নজিরবিহীন উদ্যম: সেন্ট মার্টিন দ্বীপ যা আয়তনে মাত্র ৩ বর্গকিলোমিটার, পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে স্বীকৃত। ১৯৯৯ সালে বাংলাদেশ একে ‘Ecologically Critical Area’ (ECA) হিসেবে ঘোষণা করেছিল, যা দ্বীপটির গভীর পরিবেশগত মূল্য তুলে ধরে। সম্প্রতি ২০২২ সালে দ্বীপটির আশেপাশের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার সমুদ্র এলাকা ‘Marine Protected Area’ (MPA) হিসেবে নির্ধারণ করা হয়েছে, যা জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এক গবেষণায় দেখা গেছে ২০০৫ থেকে ২০১৯ সালের মধ্যে দ্বীপের প্রবাল প্রাচীর অর্থাৎ coral reef footprint লক্ষণীয় হারে (৩৮ শতাংশ) হ্রাস পেয়েছে, যা প্রকৃতিতে একটি সংকেত বাজিয়ে দিচ্ছে।
প্রেক্ষাপট ও বিপদের ইঙ্গিত: সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য ভান্ডার, দীর্ঘদিন ধরে পর্যটনের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপটি “নারিকেল জিঞ্জিরা” নামেও পরিচিত। মাত্র আট বর্গকিলোমিটার আয়তনের এই ছোট্ট দ্বীপে রয়েছে প্রবাল প্রাচীর, নানাবর্ণের সামুদ্রিক মাছ, কচ্ছপ, শামুক-ঝিনুক, শৈবাল এবং অসংখ্য গাছপালা। যা একে বাংলাদেশের জীববৈচিত্র্যের জন্য অপরিসীম গুরুত্বপূর্ণ করে তুলেছে।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অপরিকল্পিত পর্যটন, অবৈজ্ঞানিক অবকাঠামো নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্বীপটির পরিবেশ ও বাস্তুসংস্থান চরম হুমকির মুখে পড়েছে। প্রতি বছর শীত মৌসুমে হাজার হাজার পর্যটক ভিড় জমায়, যার ফলে দ্বীপের সীমিত পরিবেশের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। জাহাজ থেকে নির্গত তেল ও রাসায়নিক, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সমুদ্র ও উপকূলে জমে থেকে প্রবাল ও সামুদ্রিক প্রাণীদের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যাচ্ছে, ফলে মিঠা পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। খাদ্যাভাবও এখন স্থানীয় বাসিন্দাদের জন্য বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া সাদা মাছির ভয়াবহ আক্রমণে দ্বীপের গাছপালা, বিশেষ করে নারকেল গাছ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি ও বাস্তুতন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। লবণাক্ততা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জোয়ারের কারণে ভূমি ক্ষয় অব্যাহত থাকায় দ্বীপের আকার ধীরে ধীরে ছোট হয়ে আসছে। একই সঙ্গে কচ্ছপের বাসা বাঁধার জায়গা কমে যাচ্ছে এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের প্রজনন চক্র ব্যাহত হচ্ছে।
দ্বীপের একাংশে পর্যটকদের জন্য তৈরি অবকাঠামোও প্রকৃতির ক্ষতি করছে। অনেক ক্ষেত্রে এসব স্থাপনা প্রবাল ও সামুদ্রিক উদ্ভিদের স্বাভাবিক বিস্তার রোধ করছে। স্থানীয় জনগণ, যারা মূলতঃ মাছধরা ও পর্যটননির্ভর জীবিকায় অভ্যস্ত, এখন পর্যটন সীমিত হওয়ার ফলে আয়ের সংকটে পড়ছেন।
এই অবস্থায় সরকার সেন্ট মার্টিন দ্বীপকে রক্ষার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করছে, যেখানে পরিবেশ সংরক্ষণ, পর্যটন নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং স্থানীয় জনগণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। যদি এই পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হয়, তবে সেন্ট মার্টিন আবারও তার হারানো প্রাকৃতিক ভারসাম্য ফিরে পেতে পারে এবং আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকতে পারে বাংলাদেশের এই মোহনীয় দ্বীপ।
পর্যটন নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধার উদ্যোগ: বাংলাদেশে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ সংরক্ষণ পরিকল্পনা বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে এটি অত্যন্ত সংবেদনশীল এলাকা এবং ক্রমবর্ধমান পর্যটন ও দূষণের কারণে এর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই সংকট মোকাবিলায় সরকার ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে পর্যটন কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সীমিত সময়ের জন্য পর্যটকদের প্রবেশের অনুমতি থাকবে, তবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। রাত্রীযাপন বন্ধ করা হয়েছে, দৈনিক দর্শনার্থীর সংখ্যা সীমিত করা হয়েছে এবং প্রবেশের আগে পর্যটক পাস ও প্লাস্টিক জমা দেওয়ার নিয়ম চালু করা হয়েছে। দ্বীপের প্রবাল ও জীববৈচিত্র্য রক্ষায় একটি মহাপরিকল্পনা প্রণয়ন চলছে, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয়দের বিকল্প আয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
পরিবেশ সুরক্ষায় সারাদেশে আরও বিস্তৃত পদক্ষেপ নেওয়া হয়েছে। শপিংমলে পলিথিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এবং পলিথিন উৎপাদন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চলছে। পাটের ব্যাগকে সাশ্রয়ী ও সহজলভ্য করার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
বায়ু দূষণ নিয়ন্ত্রণে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, যার অংশ হিসেবে ৮৩০টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। সাভার ও আশুলিয়াকে দূষিত বায়ুমণ্ডল এলাকা হিসেবে ঘোষণার প্রক্রিয়া চলছে, অবৈধ সীসা কারখানা বন্ধ হয়েছে এবং শব্দ দূষণ রোধে তরুণদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। গাজীপুরের গাছা খাল দূষণকারী নয়টি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং সব অবৈধ পলিথিন কারখানা বন্ধ করা হয়েছে।
বন ও বন্যপ্রাণী সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কক্সবাজার ও সোনাদিয়ায় ১০ হাজার ৩২২ একর বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে, পূর্বাচলের ১৪৪ একর এলাকাকে বিশেষ জীববৈচিত্র্য অঞ্চল ঘোষণা করা হয়েছে এবং গত এক বছরে বেদখল হওয়া ৫ হাজার ৯৩ একর বনভূমিতে পুনঃবনায়ন করা হয়েছে।
জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে, মধুপুর শালবন পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং হাতির চলাচলের পথ রক্ষায় চুনতি ও শেরপুরের বন পুনর্গঠন করা হচ্ছে। মানব-হাতি সংঘাত কমাতে ১৫৯টি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে, বিপন্ন প্রাণী সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিলুপ্তপ্রায় দেশীয় ময়ূর ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় উদ্যান ও ইকোপার্কে প্লাস্টিক ও পিকনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং বন্যপ্রাণী অপরাধ দমন অভিযানে ৫ হাজার ৬৮৪টি প্রাণী উদ্ধার করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ৩৫১ কোটি টাকার ৪১টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ চূড়ান্ত হয়েছে। পাহাড় সংরক্ষণে ১৬ জেলার পাহাড়ের তথ্য অনলাইন ডেটাবেজে যুক্ত করা হয়েছে এবং নিয়মিত নজরদারি চলছে। এসব উদ্যোগ প্রমাণ করে সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সক্রিয় এবং নীতিগতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। সঠিক বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধি পেলে এই প্রচেষ্টা দেশের প্রাকৃতিক সম্পদকে টেকসইভাবে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিকল্প জীবিকা সৃষ্টির কৌশল: স্থানীয় জনগণের স্বনির্ভরতা বজায় রাখতে প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এতে রয়েছে দেশীয় পণ্য উৎপাদন যেমন: শুকনো মাছ বিক্রয়, নারিকেলের আঁশ দিয়ে হস্তশিল্প তৈরি, সি-উইড ও মাশরুম চাষ, কৃষি এবং পোল্ট্রি পালন। পাশাপাশি ফটোগ্রাফি এবং পরিবেশ বান্ধব গাইডিংয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ করে নারীদের জন্য টেইলরিং, নকশিকাঁথা, কোর হস্তশিল্প ও সংরক্ষণ কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য দেশের অন্যতম সম্পদ। কিন্তু অতিরিক্ত পর্যটন, অনিয়ন্ত্রিত উন্নয়ন ও দূষণের কারণে দ্বীপটির পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই সংকট মোকাবিলায় সরকার দ্বীপ রক্ষায় দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জন্য টেকসই বিকল্প জীবিকা সৃষ্টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লক্ষ্য হলো এমন আয়ের পথ তৈরি করা, যা দ্বীপের পরিবেশের ক্ষতি না করে স্থানীয়দের জীবনমান উন্নত করবে।
পরিকল্পনার অন্যতম অংশ হলো পরিবেশ-বান্ধব পর্যটন গড়ে তোলা। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে ইকো-ট্যুর, কায়াকিং, বার্ড ওয়াচিং ও অন্যান্য পরিবেশ-সহায়ক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটকদের জন্য পরিবেশ সুরক্ষার নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন, প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা করা হবে।
এছাড়া স্থানীয়দের জন্য মাছ চাষ, হাঁস-মুরগি পালন, ফলের বাগান তৈরি এবং দ্বীপের পরিবেশের সাথে মানানসই মৎস্য উৎপাদনের নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। মাছ প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং বাজারজাতকরণের সুযোগও তৈরি করা হবে, যাতে উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করা যায়।
কুটির শিল্প ও হস্তশিল্পের ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয়দের হাতে তৈরি নকশিকাঁথা, ঝিনুক ও কাঠের কারুকার্য, ব্লক-বাটিক এবং অন্যান্য হস্তশিল্প উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও বাজার সংযোগ দেওয়া হবে। নতুন নকশা ও আধুনিক বিপণন কৌশল যোগ করে এসব পণ্যকে পর্যটক ও আন্তর্জাতিক বাজারে আরও আকর্ষণীয় করে তোলা হবে। দ্বীপের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে মধু, মৌমাছির মোম এবং অন্যান্য পরিবেশ-বান্ধব পণ্য তৈরির দিকেও নজর দেওয়া হচ্ছে।
সরকারের এই মহাপরিকল্পনায় পর্যটন নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিকল্প আয়ের উৎস সৃষ্টির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এর ফলে সেন্ট মার্টিন দ্বীপের নাজুক প্রতিবেশ ব্যবস্থা পুনরুদ্ধার সম্ভব হবে এবং স্থানীয় জনগণও একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে পারবে। সঠিকভাবে বাস্তবায়ন হলে এই উদ্যোগ শুধু দ্বীপ রক্ষাই নয়, বরং বাংলাদেশের পরিবেশ-সংরক্ষণ নীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।
নিঃসন্দেহে সেন্ট মার্টিনের সুন্দরতা ও জীববৈচিত্র্য আমাদের সকলের গর্ব। আজ যখন দ্বীপের প্রাকৃতিক সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন সেন্ট মার্টিন নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার, স্থানীয় জনগণ এবং পর্যটক সবাই মিলে যদি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে এই স্বর্গসদৃশ দ্বীপটিকে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ ও সমৃদ্ধ রাখতে পারব। প্রকৃতির এই মোহনীয় উপহার রক্ষায় আমাদের সক্রিয় অংশগ্রহণই হবে প্রকৃত উন্নয়নের মূল চাবিকাঠি।

