বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে ৫ লাখ টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতির জন্য খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়েছে। গতকাল রোববার (১০ আগস্ট) পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিদ্ধ চালের পরিমাণ হবে ৪ লাখ ৬১ হাজার টন এবং আতপ চালের পরিমাণ ৩৯ হাজার টন। চালের গুণগতমান নিশ্চিত করতে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকা যাবে।
চাল আমদানি সংক্রান্ত শর্তে বলা হয়েছে, বরাদ্দ পাওয়া আমদানিকারকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি, গুদামজাত এবং বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে সরবরাহ করতে হবে। শর্তে আরও বলা হয়েছে, বরাদ্দের বাইরের কোনো ইমপোর্ট পারমিট (আইপি) ইস্যু করা যাবে না। আমদানি করা চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনরায় প্যাকেটজাত করা যাবে না। চাল অবশ্যই বস্তায় বিক্রি করতে হবে।

