বাংলাদেশ ব্যাংক বিশেষায়িত ইকোনমিক জোন (ইপিজেড, পিইপিজেড, ইকোনমিক জোন) এবং হাইটেক পার্কের রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা সংরক্ষণের নিয়ম সহজ করেছে। গতকাল রোববার (১০ আগস্ট) জারি করা এক সার্কুলারে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, এসব অঞ্চলের টাইপ বি ও টাইপ সি কারখানাগুলো রপ্তানি থেকে প্রাপ্ত ডলার ব্যাক-টু-ব্যাক আমদানি দায় পরিশোধ না হওয়া পর্যন্ত বৈদেশিক মুদ্রা হিসেবে রাখতে পারবে। ডলার সংরক্ষণের মধ্যে দুটি অংশ থাকবে। একটি অংশ সরাসরি ব্যাক-টু-ব্যাক আমদানির জন্য রাখা হবে, আরেকটি অংশ হবে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের মূল্য সংযোজনের জন্য। স্থানীয় মূল্য সংযোজনের ডলার সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে।
৩০ দিনের মধ্যে যদি সেই ডলার ব্যয় না হয়, তবে তা অন্য ব্যাংকে স্থানান্তর করে আমদানি দায় মেটানো যাবে। ৩০ দিনের মেয়াদ শেষে অব্যবহৃত ডলার নগদ টাকা হিসেবে রূপান্তর করতে হবে। রপ্তানি আয়ের মোট ২০ শতাংশ (গার্মেন্টস খাতে ২৫ শতাংশ) রূপান্তর করার পর বাকি ডলার রপ্তানিকারকের নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাবেই রাখা যাবে।
যেসব রপ্তানিকারক ব্যাক-টু-ব্যাক পদ্ধতি ব্যবহার করেন না, তারাও ৩০ দিন পর্যন্ত প্রয়োজনীয় খরচের জন্য ডলার রাখতে পারবেন। এই সময় শেষে অব্যবহৃত ডলার একই নিয়মে রূপান্তর করতে হবে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত রপ্তানিকারকদের জন্য লেনদেন আরও সহজ করবে এবং ডলার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াবে। পাশাপাশি বিশেষায়িত ও সাধারণ অঞ্চলের রপ্তানিকারকদের মধ্যে সমতা ফিরে আসবে।

