বেনাপোল কাস্টমসের নতুন শুল্কনীতির কারণে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি দুই দিনের মধ্যে সরকারের রাজস্ব আয়ও প্রায় তিন কোটি টাকা কমেছে।
ভারত থেকে যে খাদ্যপণ্যগুলো আমদানি হয়, তার মধ্যে সামুদ্রিক মাছ ও হিমায়িত মিঠাপানি মাছের পরিমাণ বড়। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত কেজিপ্রতি ৫০ সেন্ট (প্রায় ৩৮ টাকা) শুল্কের বদলে বেনাপোল কাস্টমস ৭৫ সেন্ট (প্রায় ৫৮ টাকা) আদায় করছে। ফলে প্রতি চালানে ২৫ সেন্ট (২০ টাকা) অতিরিক্ত দিতে হচ্ছে।
তবে এতে আরও জটিলতা রয়েছে। আমদানি করা ট্রাকে হিমায়িত মাছের ধরন যাই থাকুক না কেন, কাস্টমস ৮০ শতাংশ মিঠাপানি মাছ ও ২০ শতাংশ সামুদ্রিক মাছ ধরে শুল্ক আদায় করছে। যেখানে মিঠাপানি মাছের শুল্ক কেজিপ্রতি ৭৬ টাকা এবং সামুদ্রিক মাছের শুল্ক ৪৬ টাকা। এ কারণে আমদানিকারকদের ব্যাপক লোকসান হচ্ছে। উপরন্তু, ট্রাকের চাকাভিত্তিক শুল্কনীতিও তাদের খরচ বাড়িয়ে দিচ্ছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা মাছ থেকে সরকার ১.৫ থেকে ২ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। কিন্তু নতুন শুল্কের কারণে খরচ বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা মাছ আনা বন্ধ রেখেছেন। এ নিয়ে কাস্টমসের সঙ্গে কথা বলা হলেও কোনও সমাধান মেলেনি। এ পরিস্থিতিতে বেনাপোল বন্দরের শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। শ্রমিকেরা জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আগেই অর্ধেকে নেমে গিয়েছিল, এখন মাছ আমদানির বন্ধ থাকার কারণে বিপদ আরও বেড়েছে।
কাস্টমসের কোনো কর্মকর্তা এনবিআরের অনুমতি ছাড়া গণমাধ্যমে মন্তব্য করতে চাননি। তবে অনিয়ম রোধে কিছু নতুন নিয়ম নেওয়া হয়েছে বলে তারা মৌখিকভাবে জানিয়েছেন। বেনাপোল বন্দর ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা আসওয়াদুল আলম জানান, গতকাল থেকে কোনো মাছ আসেনি। তবে ট্রাক এলে দ্রুত খালাসের ব্যবস্থা রয়েছে।
বেনাপোল কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন এবং নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানেন না। তবে হিমায়িত মাছের সঠিক ওজন নির্ধারণ ও রাজস্ব আদায়ে কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী এ নিয়ে অভিযোগ করেননি। ব্যবসায়ীরা চাইলে কাস্টমসের সঙ্গে আলোচনা করতে পারবেন।

