গত এক বছরে অন্তর্বর্তী সরকারের জরুরি পদক্ষেপে বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক ধস এড়িয়েছে। তবে দীর্ঘমেয়াদে পুনরুদ্ধারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কাঠামোগত দুর্বলতা, বেসরকারি বিনিয়োগের ধীরগতি ও স্থায়ী মুদ্রাস্ফীতি।
রবিবার রাজধানীর লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘৩৬৫ ডেজ অব দ্য ইন্টারিম গভর্নমেন্ট’ শীর্ষক নীতি সংলাপে অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও শীর্ষ রাজনৈতিক নেতারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন সিপিডির বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাত ছিল “প্রান্তসীমায় দাঁড়িয়ে”। তিনি বলেন, “প্রথম কাজ ছিল সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করা ও ব্যাংকিং খাতে সংস্কার শুরু করা।” আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে বৈদেশিক অর্থপ্রদানের ধারাবাহিকতা রক্ষা করা হয়।
গভর্নর বলেন, “আমাদের অবস্থা শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো হয়নি। প্রবাসী আয় ও রপ্তানি ঋণ পরিশোধে বড় সহায়তা দিয়েছে।” ২০২৪ সালের ১৪ আগস্ট থেকে কেন্দ্রীয় ব্যাংক আর রিজার্ভ থেকে ডলার বিক্রি করেনি বরং বাজার থেকে ১২২ টাকায় কিনেছে। মুদ্রাস্ফীতি ১০ শতাংশের নিচে নেমেছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশে নামিয়ে আনার আশা করা হচ্ছে। ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) উদ্বৃত্তে ফিরেছে।
ব্যাংক খাতে কঠোর সংস্কার
ড. আহসান এইচ মনসুর জানান, ব্যাংক কোম্পানি আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ডিপোজিট ইন্স্যুরেন্স আইন ও মানি লোন কোর্ট আইন সংশোধন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার আপডেট করে স্বায়ত্তশাসন ও জবাবদিহি বাড়ানো হবে।
এছাড়া, দুর্নীতি বা অনিয়মে ক্ষতিগ্রস্ত ব্যাংক অধিগ্রহণের সুযোগ তৈরি হবে। গঠন করা হচ্ছে তিনটি টাস্কফোর্স—ব্যাংক খাত সংস্কার, মানি লন্ডারিং রোধ এবং সব ব্যাংকের জন্য সমন্বিত পর্যবেক্ষণ ব্যবস্থা। আরো উদ্যোগের মধ্যে রয়েছে কিউআর কোড ও ক্রেডিট কার্ড ব্যবহারের প্রসার, ন্যানো লোন ও ছাত্র অ্যাকাউন্ট বৃদ্ধি, রাজস্ব বিভাগ পুনর্গঠন এবং ডিজিটাল ব্যাংকিং বাড়াতে স্মার্টফোনের দাম কমানো।
প্রধান অতিথি সাখাওয়াত হোসেন স্বীকার করেন- “আমরা হয়তো অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি কিন্তু সবখানেই নয়। একটি কাঠামো রেখে যেতে পারব।” তিনি জুলাই গণঅভ্যুত্থানকে অভূতপূর্ব অভ্যুত্থান বলে উল্লেখ করেন, যেখানে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণরা জীবন দিয়েছেন।
গৃহায়ণ ও পরে শ্রম মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তিনি বেক্সিমকো সংকট মোকাবিলা করেন, যেখানে ৩৮ হাজার শ্রমিক চাকরি হারায়। তিনি জানান, এক প্রতিষ্ঠান জামানত ছাড়াই ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার কোটি টাকা নিয়েছে—এর অর্ধেকই জনতা ব্যাংক থেকে।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান- বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়ানো গেলেও সাধারণ মানুষের জীবনে গুণগত উন্নতি আসেনি। রাজস্ব আদায় কম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুর্বল এবং বেসরকারি ঋণপ্রবাহ সীমিত।
৩৮টি অর্থনৈতিক ও সামাজিক সূচকে মূল্যায়নে ৯টি ‘সবুজ’, ১৮টি ‘হলুদ’ ও ১১টি ‘লাল’ সংকেত পেয়েছে সরকার। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সবুজ জোনে গেলেও স্বাস্থ্য, শিক্ষা, রাজস্ব ও সুশাসন লাল জোনে রয়ে গেছে।
তিনি সতর্ক করেন- স্বাস্থ্য ও শিক্ষা খাত দীর্ঘদিন ধরে বিনিয়োগঘাটতি, অবকাঠামোর দুর্বলতা, জনবল সংকট এবং শহর-গ্রামের বৈষম্যে ভুগছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ ও রাজনৈতিক প্রভাব এখনো বড় ঝুঁকি। ইতিবাচক দিক হিসেবে তিনি ১৪টি ব্যাংক বোর্ড ভেঙে পুনর্গঠন, আন্তর্জাতিক মানের ঋণশ্রেণিবিন্যাস গ্রহণ এবং ২৩ হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল গঠনের কথা উল্লেখ করেন।
ভবিষ্যৎ করণীয়
অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনে করেন- স্থিতিশীলতা ফিরলেও মূল চ্যালেঞ্জ হলো তা বিনিয়োগ ও কর্মসংস্থানে রূপান্তর করা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন- টেকসই সংস্কারের জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন অপরিহার্য।
তিনি জাতীয় ঐক্য কমিশন উদ্যোগের প্রশংসা করে অর্থনৈতিক ব্যবস্থাপনায় বেসরকারি খাতের ভূমিকা বাড়ানো এবং সরাসরি সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দুর্নীতি রোধের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবির উপাচার্য ড. এম তামিম, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
