পাল্টা শুল্ক কার্যকরের পর যুক্তরাষ্ট্রে বড় খুচরা বিক্রেতারা পণ্যের দাম বাড়াতে শুরু করেছে। এর মধ্যে ওয়ালমার্ট, টার্গেট, নাইকির মতো শীর্ষ ব্র্যান্ড রয়েছে। নতুন দামের ট্যাগ দেখে ক্ষুব্ধ হচ্ছেন ক্রেতারা।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা ওয়ালমার্টের এক শাখা থেকে মার্সেডিজ চ্যান্ডলার নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে তৈরি পোশাক, ব্যাগসহ নানা পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তাঁর পোস্টের শিরোনাম ছিল— ‘ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পুরোদমে কার্যকর!’
ভিডিওতে দেখা যায়, চ্যান্ডলার ওয়ালমার্টের পোশাক সেকশনে ঘুরে পুরোনো ও নতুন দামের ট্যাগের তুলনা করছেন। কোথাও পুরোনো ট্যাগ তুলে নতুন ট্যাগ লাগানো হয়েছে, আবার কোথাও পুরোনোর ওপরই নতুন দাম বসানো হয়েছে। চ্যান্ডলার বলেন, “বন্ধুরা, শুল্ক এখন সক্রিয়ভাবে কার্যকর।” তিনি একটি পোশাক দেখিয়ে জানান, আগে দাম ছিল ১০.৮৯ ডলার, এখন করা হয়েছে ১১.৯৮ ডলার। শিশুদের পোশাকের দাম ৬.৮৯ ডলার থেকে বেড়ে হয়েছে ১০.৯৮ ডলার। একটি ব্যাকপ্যাকের দাম ১৯.৯৭ ডলার থেকে বেড়ে ২৪.৯৭ ডলার হয়েছে, অর্থাৎ ৪ ডলার বৃদ্ধি। তিনি বলেন, “বিশ্বাস না হলে আপনার স্থানীয় ওয়ালমার্ট বা টার্গেটে গিয়ে দেখে আসুন।”
যুক্তরাষ্ট্রে ৭ আগস্ট থেকে বিভিন্ন দেশের পণ্যে ভিন্ন ভিন্ন হারে পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার পণ্যে ১৯ শতাংশ, ভিয়েতনাম ও বাংলাদেশি পণ্যে ২০ শতাংশ এবং ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। চলতি মাসের শেষ দিকে ভারতীয় পণ্যে আরও ২৫ শতাংশ শুল্ক যুক্ত হবে। এর আগে ২ এপ্রিল ট্রাম্প প্রথম পাল্টা শুল্ক ঘোষণা করেছিলেন, যা কার্যকরের সময়সীমা ৯ এপ্রিল ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়। সব দেশের পণ্যে তখন ন্যূনতম ১০ শতাংশ শুল্ক কার্যকর ছিল, যা পরে সংশোধিত হার অনুযায়ী সমন্বয় করা হয়।
দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাবের হিসাব অনুযায়ী পাল্টা শুল্ক কার্যকরের পর চামড়ার জুতা ও ব্যাগের দাম ৩৯ শতাংশ, পোশাকের দাম ৩৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। খাবারের দাম ৩ শতাংশের বেশি, তাজা ফলমূলের দাম ৭ শতাংশ পর্যন্ত এবং গাড়ির দাম ১২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ওয়ালমার্ট ইতিমধ্যে শিশুদের পণ্য, রান্নাঘরের সামগ্রী ও খেলনার দাম বাড়িয়েছে। নাইকি তাদের কিছু জুতার দাম সমন্বয় করছে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল জানিয়েছে, আগস্ট থেকে কিছু পণ্যের দাম ২.৫ শতাংশ বাড়ানো হবে। তাদের হিসাব, শুধু এ বছরই শুল্কজনিত বাড়তি খরচ মেটাতে ১ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

