জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে পাঁচ ধরনের করদাতাকে ছাড় দিয়েছে। বাকি সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ সংক্রান্ত বিশেষ আদেশ গতকাল সোমবার জারি করা হয়।
ছাড়প্রাপ্ত পাঁচ শ্রেণির করদাতা হলেন—৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদ দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তবে এই শ্রেণির করদাতারা চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
এর আগে ৩ আগস্ট একটি নির্দেশনায় প্রথম চার শ্রেণি ছাড়া দেশের সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল। এবার সেই তালিকায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের নামও যুক্ত হলো। এনবিআর জানিয়েছে, যারা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণসহ আবেদন করতে পারবেন। এরপর অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনে কাগজভিত্তিক রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ ও অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। পাশাপাশি তারা তৎক্ষণাৎ ই-রিটার্ন দাখিলের রসিদ ও প্রয়োজনীয় তথ্যসহ আয়কর সনদও প্রিন্ট করতে পারবেন। এনবিআর আরও জানায়, অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো সমস্যা হলে রাজস্ব বোর্ডের কলসেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা পাওয়া যাবে।

