বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৩৯ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে। এই ঋণ বাড়ানোর সিদ্ধান্ত কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দারিদ্র্য বিমোচনের জন্য নেওয়া হয়েছে।
গত অর্থবছর ২০২৪-২৫-এ কৃষি ঋণের লক্ষ্য ছিল ৩৮ হাজার কোটি টাকা। নতুন লক্ষ্যমাত্রা এতে ২.৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন। এ সময় ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, চিফ ইকোনমিস্ট, নির্বাহী পরিচালকসহ তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি উৎপাদন ও কৃষকদের সহায়তা বাড়াতে এ বছর ঋণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষিখাতে বিনিয়োগ উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য। নীতিমালায় নতুন কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে—প্রাণিসম্পদ খাতে ঋণের বরাদ্দ রাখা হয়েছে ২০ শতাংশ। সেচ ও কৃষিযন্ত্রপাতি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ শতাংশ। এছাড়া, ২ লাখ ৫০ হাজার টাকার ঋণের সিআইবি সার্ভিস চার্জ মওকুফ রাখা হয়েছে।
কন্ট্রাক্ট ফার্মিং ও এজেন্ট ব্যাংকিংয়ের আওতাও বৃদ্ধি পেয়েছে। নতুন ফসল হিসেবে খিরা, কচুর লতি, বিটরুট, কালোজিরা, আদা, রসুন, হলুদ, খেজুর গুড়সহ অন্যান্য ফসল ঋণ নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, অঞ্চলভিত্তিক উৎপাদন সম্ভাবনা অনুযায়ী ঋণ বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই ঋণ নীতিমালা কৃষিপণ্যের উৎপাদন বাড়াবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

