সরকার যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘দুটি প্রতিটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় এই ক্রয় হবে। এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দর আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।
সব প্রক্রিয়া শেষে টেন্ডার ইভালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা) জাহাজ কেনার সিদ্ধান্ত হয়। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিজস্ব অর্থায়নে এ ক্রয় সম্পন্ন করবে।
এদিন অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। এতে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’ এর অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন, টার্মিনাল নির্মাণ এবং অন্যান্য অবকাঠামো স্থাপন করা হবে।

