বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ ভারত মার্কিন ব্র্যান্ডগুলোর জন্য গুরুত্বপূর্ণ বাজার। ধনী ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতি বিশেষ আকর্ষণ দেখা যায়। অনেক ভারতীয়ই এগুলোকে উন্নত জীবনযাত্রার প্রতীক হিসেবে মানেন। তাই অনেক আমেরিকান কোম্পানি দ্রুত ভারতীয় বাজারে ব্যবসা সম্প্রসারণ করেছে।
ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে আমেরিকান পণ্য বর্জনের ডাক বেড়েছে। এতে ব্যবসায়িক নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকদের আমেরিকা-বিরোধী মনোভাব জোরালো হয়েছে। এই ক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রতি অসন্তোষ রয়েছে।
ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন ও অ্যাপলসহ যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলো ভারতীয় বাজারে বয়কটের মুখে পড়েছে। যদিও এখন পর্যন্ত বিক্রিতে কোনো উল্লেখযোগ্য পতন দেখা যায়নি।
ভারতে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে। ডোমিনোজ দেশটির বৃহত্তম রেস্টুরেন্ট চেইন। পেপসি ও কোকা-কোলার মতো পানীয় দোকানের তাক ভর্তি থাকে। নতুন কোনো অ্যাপল স্টোর খোলা হলে বা স্টারবাক্সে ছাড় মিললে ভারতীয়দের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে ভারতের রপ্তানিকারকরা চিন্তিত। নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কও এ নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন ও অ্যাপল রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি।
ভারতের ওয়াও স্কিন সায়েন্সের সহ-প্রতিষ্ঠাতা মণীষ চৌধুরী লিংকডইনে একটি ভিডিও বার্তায় দেশীয় পণ্য বিশ্বজুড়ে জনপ্রিয় করার আহ্বান জানিয়েছেন। তিনি দক্ষিণ কোরিয়ার উদাহরণ টেনে বলেন, ‘তাদের খাদ্য ও সৌন্দর্য পণ্য বিশ্বজুড়ে পরিচিত।’ তিনি বলেন, ‘আমরা হাজার মাইল দূরের পণ্য কিনি, অন্যের ব্র্যান্ড নিয়ে গর্ব করি, অথচ আমাদের নির্মাতারা দেশে যথাযথ স্বীকৃতি পাচ্ছে না।’ অন্যদিকে, ভারতের ড্রাইভইউ-এর সিইও রহম শাস্ত্রি লিংকডইনে লেখেন, ‘চীনের মতো ভারতেও নিজেদের বানানো টুইটার, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক থাকা উচিত।

দেশীয় খুচরা ব্যবসায়ীরা বিদেশি ব্র্যান্ড যেমন স্টারবাক্সের সঙ্গে প্রতিযোগিতা করতে পারেন। তবে বিশ্ববাজারে তাদের প্রসার এখনো বড় চ্যালেঞ্জ। ভারতীয় আইটি সেবা প্রতিষ্ঠানগুলো বিশ্ব অর্থনীতিতে শক্ত অবস্থানে রয়েছে। টিসিএস ও ইনফোসিস বিভিন্ন দেশে সফটওয়্যার সলিউশন সরবরাহ করে। রোববার বেঙ্গালুরুতে এক সভায় প্রধানমন্ত্রী মোদি ‘স্বয়ংসম্পূর্ণতার’ প্রতি জোর দিয়ে বলেন, ‘ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বের জন্য পণ্য তৈরি করেছে। এখন দেশের প্রয়োজনকে আরও অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে।’ তিনি কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি।
আমেরিকা বিরোধী বিক্ষোভের মধ্যেও টেসলা দিল্লিতে দ্বিতীয় শোরুম উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোদির বিজেপির সঙ্গে যুক্ত স্বদেশী জাগরণ মঞ্চ রোববার দেশজুড়ে ছোট ছোট র্যালি করেছে। সেখানে আমেরিকান ব্র্যান্ড বয়কটের ডাক দেওয়া হয়। দলের সহ-সমন্বয়ক আশ্বিনী মহাজন বলেন, ‘মানুষ এখন ভারতীয় পণ্যগুলোর দিকে নজর দিচ্ছে। এর ফল আসতে সময় লাগবে। এটা জাতীয়তাবাদের আহ্বান, দেশভক্তির বার্তা।’
তারা হোয়াটসঅ্যাপে একটি তালিকা ছড়িয়ে দিচ্ছে। এতে বিদেশি ব্র্যান্ডের বদলে ভারতীয় সাবান, টুথপেস্ট ও ঠান্ডা পানীয়ের নাম রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলের এক প্রচারণায় ‘বিদেশি খাদ্য শৃঙ্খল বয়কট কর’ শিরোনামে গ্রাফিক প্রকাশ করা হয়েছে। এতে ম্যাকডোনাল্ডসসহ বিভিন্ন রেস্টুরেন্টের লোগো দেখা যায়।

