যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানোর চেষ্টা করছে বাংলাদেশ সরকার। এমন তথ্য দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে তিনি সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা এখনও চলছে। চূড়ান্ত চুক্তির আগে শুল্ক কমানোর সুযোগ থাকতে পারে।
উপদেষ্টা বলেন, “শুল্ক কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের উদ্যোগ অব্যাহত রয়েছে। আমরা ট্যারিফ ও নন-ট্যারিফ বিষয়গুলো নিয়েও আলোচনা করছি।” তিনি আশা প্রকাশ করেন, “শুল্ক কমতে পারে, তবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে।”
আনুষ্ঠানিক চুক্তির তারিখ ঠিক আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “এখনো সুনির্দিষ্ট সময় নির্ধারিত হয়নি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন তথ্য আসেনি।” অন্যদিকে, তিনি বলেন, “এই মুহূর্তে জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে আলোচনা চলছে। তবে মনে রাখতে হবে, সব দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য সুবিধাজনক নাও হতে পারে।”
তিনি আরো উল্লেখ করেন, “আমাদের শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার রয়েছে, বিশেষ করে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে। আমরা সেগুলো সম্পূর্ণরূপে ব্যবহার করতে চাই।” জানা গেছে, যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে, তবুও এখনো তাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি সংস্থা এখনো চুক্তির খসড়া প্রস্তুত করছে।

