আগামী ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের প্রথম থেকে তৃতীয় শ্রেণির মোট ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১টি পাঠ্যপুস্তক ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। এ কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজের ক্রয় প্রস্তাবে সরকার অনুমোদন দিয়েছে। এই ৯৬টি লটে মোট ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১টি পাঠ্যপুস্তক রয়েছে। এগুলোর জন্য বরাদ্দ করা বাজেট মোট ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।
এ ছাড়াও অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের সঙ্গে সমান্তরালে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও হয়েছে। সেখানে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যান্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’ এর অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ সংযোগ নৌপথ খনন ও টার্মিনাল নির্মাণ।

