বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে সুসংগঠিত করতে প্রায় ২০ হাজার কোটি টাকার পরিকল্পনা নিয়েছে। গত সপ্তাহে গভর্নর আহসান এইচ মনসুর জানান, মাসখানেকের মধ্যে প্রথম ধাপের কাজ শুরু হবে। ডিসেম্বরের মধ্যে কয়েকটি ব্যাংকের পুনর্গঠন শেষ হবে।
এই সংস্কারের পরবর্তী ধাপে প্রয়োজনীয় অর্থ আসবে জাতীয় বাজেট এবং উন্নয়ন সহযোগীদের মাধ্যমে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রায় দেড় বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক এক বিলিয়ন ডলার সহায়তা দিতে পারে বলে আশা করা হচ্ছে। সংস্কার কাজ শুরু হবে পাঁচটি ব্যাংক দিয়ে—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। বিদেশি বিনিয়োগ থাকায় আইসিবি ইসলামিক ব্যাংকের জন্য আলাদা সমাধানের প্রয়োজন হবে। বাকী ব্যাংকগুলো একীভূত করার বিষয়েও ভাবা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সংস্কার টাস্কফোর্সের সদস্য জাহিদ হোসেন বলেন, ‘মূলধন যোগ ছাড়া কোনো উপায় নেই। একীভূত হলে ব্যাংকগুলোর ব্যবসায়িক পরিকল্পনা আর্থিকভাবে টেকসই হতে হবে।’ তিনি জানান, ‘ডিসেম্বরের মধ্যে পাঁচটি ব্যাংক একীভূত করা সম্ভব।’ গভর্নর মনসুর আরো বলেছিলেন, সরকার যে কোনো ভাবে মূলধন দিক, ইক্যুইটি হোক বা ঋণ, তা সুদসহ ফেরত নেবে। এতে সরকারের কোনো লোকসান হবে না।
বেসরকারি ব্যাংকগুলোর সম্পদের মান যাচাই ও প্রভিশনিং নিয়ম মেনে চলছে কিনা তা নিশ্চিত করতে ‘অ্যাসেট কোয়ালিটি রিভিউ’ (একিউআর) শুরু হয়েছে। মোট ১৭টি ব্যাংকে ধাপে ধাপে এই নিরীক্ষা হবে। প্রথম ধাপে কেপিএমজি ও আর্নস্ট অ্যান্ড ইয়ং শ্রীলঙ্কা ৬টি ব্যাংকের নিরীক্ষা শেষ করেছে, যা মে মাসে সম্পন্ন হয়। বাকি ১১টি ব্যাংকের নিরীক্ষা দ্বিতীয় ও তৃতীয় ধাপে ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।
গত মে মাসের আন্তর্জাতিক নিরীক্ষায় বড় ধরনের মূলধন ঘাটতির চিত্র দেখা গেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা। এরপর থেকে তা আরও বৃদ্ধি পেয়েছে। সম্পদের মানের সমস্যা নিরূপণে কেন্দ্রীয় ব্যাংক ত্রিস্তরীয় প্রশাসনিক কাঠামো গঠন করেছে। এতে রয়েছে বাস্তবায়ন, প্রকল্প ব্যবস্থাপনা ও স্টিয়ারিং কমিটি। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও এডিবির প্রতিনিধিদের নিয়ে একিউআর তদারকি কমিটিও গঠন হয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, চলতি বাজেটে ব্যাংক পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংস্কারের জন্য বাজেটে ইতোমধ্যে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মূলত ‘বিবিধ ব্যয়’ খাতে বরাদ্দ বাড়িয়ে তা ১৭ হাজার ৪৪২ কোটি টাকা করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৬৩ শতাংশ বেশি।

