অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশিত গতি পাইনি, তবে নতুন বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা ব্যাপকভাবে বাড়ছে। আজ (১২ আগস্ট) কুয়ালালামপুরে অনুষ্ঠিত বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ ফোরামে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সবদিক থেকে ব্যবসাবান্ধব দেশ হিসেবে নিজেকে গড়ে তুলছে। তিনি পরিবর্তিত বাংলাদেশে অসীম সম্ভাবনার প্রমাণ পেয়েছেন। বাংলাদেশের তরুণ ও সৃষ্টিশীল জনসংখ্যাকে কাজে লাগিয়ে বিদেশে বসবাসরত তরুণ প্রবাসী বাংলাদেশিদেরও বিনিয়োগে আকৃষ্ট করার আহ্বান জানান তিনি।
ফোরামে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা এবং শুল্ক-অশুল্ক বাধা অপসারণে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
অন্যান্য বক্তব্যে আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী বিবেক সুদ বাংলাদেশে আজিয়াটার ২৮ বছরের সফল ব্যবসায়িক কার্যক্রম ও অংশীদারিত্ব সম্পর্কে জানান। এছাড়াও পেট্রোলিয়াম ন্যাশনাল বেরহাদ (পেট্রোনাস), সার্বভৌম সম্পদ তহবিল খাজানাহ ন্যাশনাল, পাম অয়েল কোম্পানি সাইম ডার্বি প্লান্টেশনস, কুয়ালালামপুর কেপং বেরহাদ (কেএলকে), আইওআই করপোরেশন, ফেলদা গ্লোবাল ভেঞ্চারস (এফজেভি), প্রোটন হোল্ডিংস বেরহাদের চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং গ্লোভ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান লিম উই চাই প্রমুখ বক্তব্য রাখেন।

