বিশ্বে দ্রুত বিস্তৃত হচ্ছে হালাল পণ্যের বাজার—যার বর্তমান আকার প্রায় ৩ ট্রিলিয়ন ডলার এবং ২০৩০ সালের মধ্যে যা ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সম্ভাবনাময় খাতে অংশীদার হতে ‘হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ গড়ে তুলতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্প খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি সরাসরি বলেন, “চলুন, এই বিষয়ে পদক্ষেপ নিই।”
মালয়েশিয়ার পক্ষ থেকে সভায় নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল-বিষয়ক সমন্বয়ক দাতিন পদুকা হাজাহ হাকিমাহ বিনতি মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইসলামী উন্নয়ন বিভাগের (জেএকেআইএম) মহাপরিচালক সিরাজউদ্দিন বিন সুহাইমি এবং হালাল ডেভেলপমেন্ট করপোরেশনের (এইচডিসি) প্রধান নির্বাহী হাইরল আরিফেইন সাহারি।
বৈঠকে জানানো হয়, হালাল শিল্পে মালয়েশিয়া ইতিমধ্যেই অন্তত ১৪টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনা করছে এবং বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। এই খাতে সক্রিয় অন্যান্য দেশের মধ্যে রয়েছে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বুধবার (১৩ আগস্ট) বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ অবকাঠামো ও সার্টিফিকেশন ব্যবস্থা শক্তিশালী করতে পারলে এই বাজারে প্রবেশের বড় সুযোগ রয়েছে। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ একমাত্র সংস্থা যারা হালাল সার্টিফিকেশন দেয়, এবং এখন পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান এই সনদ পেয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকে বলেন, “হালাল পণ্যের শিল্প গড়ে তুলতে কী কী দরকার, আমরা বসে একসঙ্গে ঠিক করতে পারি।” তিনি জানান, অনেক বাংলাদেশি কোম্পানি ইতিমধ্যেই হালাল সার্টিফাইড পণ্য রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে।
অধ্যাপক ইউনূস বৈঠককে ‘মূল্যবান শিক্ষামূলক অভিজ্ঞতা’ আখ্যা দিয়ে বলেন, “আপনাদের তথ্যের জন্য ধন্যবাদ—এটি যেন হালাল পণ্যের ওপর একটি ক্লাস।”
এর একদিন আগে বাংলাদেশ ও মালয়েশিয়া ‘হালাল ইকোসিস্টেম’ গড়ে তুলতে সহযোগিতা নোট বিনিময় করেছে, যা কর্মকর্তারা ‘হালাল কূটনীতি’ হিসেবে বর্ণনা করছেন। বৈঠকে জানানো হয়, স্থানীয় চাহিদা মূল্যায়নের জন্য মালয়েশিয়া শিগগিরই একটি দল বাংলাদেশে পাঠাবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লতফি সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ।

