বেসরকারি খাতে আস্থা ফিরিয়ে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, আগামী ফেব্রুয়ারিতে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর তারা কী নীতি নেবে, তার ওপর ব্যবসায়ীদের আস্থার বিষয়টি অনেকটাই নির্ভর করছে।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের এক বছরের কাজের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, “প্রাইভেট সেক্টরের কনফিডেন্স ফেরানো এখনও বড় চ্যালেঞ্জ। সারা পৃথিবী অনিশ্চয়তায় ভরা। ট্রাম্প এখন বিশ্বে অনিশ্চয়তার সবচেয়ে বড় খেলোয়াড়। আগামী ফেব্রুয়ারিতে নতুন সরকার আসবে—তারা কী ধরনের নীতি নেবে, সেটিও ব্যবসায়ীদের কাছে অনিশ্চিত। তবে আগে ব্যবসায়ীরা বিভিন্ন ইস্যুতে অনেক সরব ছিলেন, এখন কিছুটা শান্ত হয়েছে। পৃথিবীর কোনো ব্যবসাই শতভাগ নিশ্চিত নয়।”
ব্যাংকখাতের সংকট প্রসঙ্গে তিনি বলেন, “এখনও নিয়ন্ত্রক সংকট রয়েছে। অনেক ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। একটি ব্যাংককে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য বিপুল অর্থ দেওয়া হলেও তারা এখনও তা ফেরত দিতে পারেনি। সেই টাকা কোথায় গেল, তা আমরা খতিয়ে দেখব।”
গত এক বছরের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, “অর্থনীতি মোটামুটি সন্তোষজনক ও স্থিতিশীল। মূল্যস্ফীতি কিছুটা কমেছে, ব্যাংকখাতে স্থিতিশীলতা ফিরেছে। ব্যালেন্স অব পেমেন্ট ও বিনিময় হার স্থিতিশীল হচ্ছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে।” তিনি আরো বলেন, “সব অর্জন হয়ে গেছে, তা নয়। তবে সঠিক পথে যাত্রা শুরু হয়েছে। আরও দ্রুত এগোতে পারলে ভালো হতো। আমাদের কাজে কিছু ভুলও থাকতে পারে।”

