অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে সরকার ব্যবস্থা নেবে। তবে এর সফল বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপর। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ে সর্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচন মানেই কালো টাকার ছড়াছড়ি—এ প্রবণতা রোধে কালো টাকার উৎস বন্ধ করতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন কাজ করছে এবং অর্থ মন্ত্রণালয়ও সহযোগিতা করবে। তবে স্থায়ী সমাধানের জন্য রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা জরুরি।
অর্থ উপদেষ্টা আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে অর্থ মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো রাজনৈতিক দলের নেতা বললেই নির্বাচন বন্ধ হবে না। নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না। ফেব্রুয়ারিতে ভালো একটি নির্বাচন আয়োজনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

