বাংলাদেশের আলোচিত নির্মাণ প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লিমিটেডকে বড় ধাক্কা দিল নৌপরিবহন মন্ত্রণালয়। সময়মতো কাজ শেষ করতে না পারায় প্রতিষ্ঠানটিকে সরিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নৌ পরিবহন অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, অবশিষ্ট ২৩৯ কোটি ১৩ লাখ টাকার পূর্ত কাজ এখন করবে তিনটি প্রতিষ্ঠান— এসএসআর ইন্টারন্যাশনাল লিমিটেড, শেলটেক-বাংলা জেভি এবং চাকর কনস্ট্রাকশন-দ্য বিল্ডার্স জেভি।
বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (দ্বিতীয় সংশোধিত) এর আওতায় পানগাঁও কার্গো টার্মিনাল এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ প্যাসেঞ্জার টার্মিনাল উন্নয়ন ও আধুনিকীকরণের দায়িত্ব ছিল তমা কনস্ট্রাকশনের হাতে। চুক্তি অনুযায়ী ২৪ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা হয়নি।
৩৩৩ কোটি টাকার বেশি বাজেটের এই কাজের মধ্যে প্রতিষ্ঠানটি সম্পন্ন করেছে মাত্র ১২২ কোটি ৩৩ লাখ টাকার কাজ। বাকিটা বছরের পর বছর ঝুলে থাকার পর অবশেষে সরকার তাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রকল্পটির অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক। আন্তর্জাতিক মানদণ্ডে এই ধরনের প্রকল্পে সময় ও কাজের মান নিয়ে কোনো ছাড় থাকে না। তমা কনস্ট্রাকশন সেই শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেই জানা গেছে।
তমা কনস্ট্রাকশন, তমা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, যার চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া (মানিক)। বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন ধরে খবর এসেছে—আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিষ্ঠানটির সঙ্গে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই ঘনিষ্ঠতার কারণেই তারা ফ্লাইওভার, রেললাইন, খাদ্য সাইলো ও সড়ক নির্মাণসহ একাধিক বড় প্রকল্পের কাজ পেয়েছিল।

