আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে খোলা পাম তেলের দাম প্রতি লিটার ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই মূল্যহ্রাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী পাম তেলকে সয়াবিন তেল হিসেবে বিক্রি করে অতিরিক্ত মুনাফা করার আশঙ্কায় বাজারে মনিটরিং কার্যক্রম জোরদার করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।
গতকাল মঙ্গলবার (১৪ আগস্ট) বিটিটিসির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ৩ আগস্টের বৈঠকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের সমন্বিত দাম ঘোষণা করে। এতে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা রাখা হয়। খোলা সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রাখা হলেও খোলা পাম তেলের দাম প্রতি লিটার ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিটিটিসির বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমায় আমদানি বেড়েছে। বর্তমানে স্থানীয় বাজারে খোলা সয়াবিন তেলের দাম পাম তেলের চেয়ে লিটারে ১৯ টাকা বেশি। তাই কিছু অসাধু ব্যবসায়ী পাম তেলকে সয়াবিন তেল হিসেবে বিক্রি করে বাড়তি মুনাফা করতে পারে।
এই পরিস্থিতি রোধ করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় স্থানীয় প্রশাসনকে বাজারে তদারকি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে কেউ অনৈতিকভাবে ভোক্তাদের ক্ষতি করতে না পারে।

