এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) মোট ১৪০টির মতো ওষুধ উৎপাদন করে। এর মধ্যে ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। আজ বুধবার কোম্পানির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা।
তিনি বলেন, “সিন্ডিকেট ভেঙে র-ম্যাটেরিয়াল যৌক্তিক মূল্যে কেনার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ব্যয় কমে গেছে। তাই ৩৩টি ওষুধের দাম ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়েছে।” দাম কমানো ওষুধের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি-জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি ও ভিটামিন সংক্রান্ত ওষুধ।
ইডিসিএল জানায়, ওমিপ্রাজল ক্যাপসুল, কেটোরোলাক ইনজেকশন, অনডানসেট্রন ইনজেকশন, সেফট্রিয়াক্সোন ও সেফটাজিডিম ইনজেকশনের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। মেরোপেন ওমিপ্রাজল ইনজেকশনের দামও হ্রাস পেয়েছে। এছাড়া মনটিলুকাস্ট ট্যাবলেটের দাম ১০ টাকা ৬৭ পয়সা থেকে ৫ টাকায় নামানো হয়েছে।
গ্রামীণ ক্লিনিকে তালিকাভুক্ত ৩২টি ওষুধের মধ্যে ২২টির দামও কমানো হয়েছে। গ্যাস্ট্রিকের অ্যান্টাসিড, প্যারাসিটামল, সালবিউটামল, অ্যালবেনডাজল, ক্লোরামফেনিকল আই ড্রপ ও মেটফর্মিনসহ বিভিন্ন ওষুধের দাম কমানো হয়েছে।

