বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৮ টাকা ২ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯৯ টাকা ৬২ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৪০১ ডলার থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ০.৬৫০২ ডলার। এই নতুন দাম বুধবার (১৩ আগস্ট) থেকে কার্যকর হবে।
এর আগে গত জুলাই মাসেও দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছিল ৯৮ টাকা ২ পয়সা।
বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ অনুযায়ী দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য জেটএ-১ (এভিয়েশন ফুয়েল) এর মূল্য নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এই তেল ডিউটি ফ্রি, আর অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ বিক্রি হয়।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২০ জানুয়ারি দাম সংশোধনের প্রস্তাব দেয়। পরে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) ১৮ ফেব্রুয়ারি বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে জমা দেয়। এসব প্রস্তাব পর্যালোচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

