আসন্ন আলাস্কা বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেইনের যুদ্ধ শেষ না করলে রাশিয়াকে কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে।
ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “শুল্ক আরোপ থেকে শুরু করে নিষেধাজ্ঞা—সবই টেবিলে আছে। আমাকে আলাদা করে বলতে হবে না, পরিণতি গুরুতর হবে।” তিনি জানান, শুক্রবারের বৈঠকে যদি পুতিন যুদ্ধ অবসানে সম্মত না হন, তবে পরিস্থিতি রাশিয়ার জন্য আরও কঠিন হয়ে যাবে।
প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, এর আগে পুতিনের সঙ্গে তার “ভালো আলোচনা” হয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পর খবর পান—কোনো নার্সিং হোমে রকেট হামলা হয়েছে, কোনো অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ ঘটেছে, রাস্তায় পড়ে আছে নিরীহ মানুষের মৃতদেহ। এসব দেখেই তার অবস্থান আরও কঠোর হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
এছাড়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের নথি ব্যবস্থাপনা সিস্টেম রাশিয়া হ্যাক করেছে বলে যে অভিযোগ উঠেছে, সেটিও বৈঠকে আলোচনায় আসবে বলে জানান ট্রাম্প। এ বিষয়ে তিনি রসিকতা করে বলেন, “তাদের হ্যাক করা নিয়ে কি আপনি সত্যিই অবাক হচ্ছেন?”
ট্রাম্প আরও জানান, যদি আলাস্কার বৈঠক ইতিবাচক হয়, তবে খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক আয়োজন করা হবে, যেখানে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন। “তারা যদি আমাকে অন্তর্ভুক্ত করতে চায়, আমি প্রায় তাৎক্ষণিকভাবেই সেই বৈঠক করতে চাইব,” বলেন তিনি। তবে সতর্ক করে দেন, “প্রথম বৈঠকে প্রত্যাশিত ফল না মিললে দ্বিতীয় বৈঠক হবে না।”

