বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে গতকাল বুধবার দেশের সব ব্যাংকে চিঠি পাঠায় বিএফআইইউ। সেখানে প্রত্যেকের ব্যাংক হিসাব খোলার ফরম, লেনদেনের তথ্য, কেওয়াইসি নথিসহ সব তথ্য তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। কোনো হিসাব বন্ধ হয়ে থাকলে তার তথ্যও দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যাদের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে চলে যান। আর আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ই-মেইলে পদত্যাগপত্র পাঠান।
তালিকায় থাকা ছয় ডেপুটি গভর্নর হলেন এস কে সুর চৌধুরী, মো. মাসুদ বিশ্বাস, আবু হেনা মো. রাজী হাসান, এস এম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান এবং আবু ফরাহ মো. নাছের।

