বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড তাদের নারায়ণগঞ্জ ইউনিট ওয়ানের ভারী জ্বালানি তেলচালিত বিদ্যুৎ কেন্দ্র বিক্রি বা পুনরায় রফতানির জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কোম্পানি স্যাবসন এনার্জি এফজেডসিওর সঙ্গে সম্পদ ক্রয় চুক্তি (এপিএ) সম্পন্ন করেছে। কোম্পানিটি এ বিষয়ে সব স্টেকহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
বিদ্যুৎ কেন্দ্রটি ২০১১ সালের ১ এপ্রিল বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে দুই দফা নবায়নের পর কেন্দ্রটির বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) শেষ হয় গত বছরের ২২ মার্চ। তবে ২০২৪ সালের ২৯ এপ্রিল বিপিডিবির সম্মতিপত্রের ভিত্তিতে ‘নো ইলেকট্রিসিটি, নো পে’ নীতিতে কেন্দ্রটি আরও দুই বছর চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে গত বছরের ১৯ আগস্ট থেকে আর কোনো বিদ্যুৎ সরবরাহ হয়নি।
বিপিডিবি থেকে পাওয়া অনাপত্তিপত্রে (এনওসি) উল্লেখ করা হয়, পিপিএ নবায়নের আর কোনো সুযোগ নেই এবং কেন্দ্রটির কার্যকরী উৎপাদন মেয়াদ শেষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সামিট পাওয়ারের পর্ষদ ৮ মে অনুষ্ঠিত সভায় কেন্দ্রটি বিক্রির সিদ্ধান্ত নেন এবং সম্ভাব্য ক্রেতা খোঁজার জন্য ব্যবস্থাপনা বিভাগকে অনুমোদন দেন। পরবর্তীতে ইউএইর আইন অনুযায়ী নিবন্ধিত স্যাবসন এনার্জি এফজেডসিওর সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই–মার্চ) সামিট পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ১ টাকা ৪৬ পয়সা, যা আগের বছরের ২ টাকা ৪০ পয়সার তুলনায় কম। ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৫ পয়সা।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই বছর ইপিএস ছিল ৩ টাকা ১৩ পয়সা, আগের বছরে ২ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৪ পর্যন্ত এনএভিপিএস ছিল ৪১ টাকা ৪৪ পয়সা। সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ইপিএস ছিল ২ টাকা ৭ পয়সা, আগের বছরে ৩ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন ২০২৩ পর্যন্ত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ২ পয়সা।
সামিট পাওয়ারের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এ প্রত্যয়ন দিয়েছে।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১ হাজার ৬৭ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৫৭২ কোটি ১৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৬ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২৩৯। এর ৬৩.১৯ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৫১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীর হাতে ৩.৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৪.৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

