ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ বাড়ার পূর্বাভাস দেওয়ায় গতকাল বিশ্ববাজারে তেলের দাম কমেছে। সংস্থাটি প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর দুর্বল চাহিদার কারণে জ্বালানি তেলের চাহিদাও কমানোর পূর্বাভাস দিয়েছে। পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারাদের নজর এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন বৈঠকের দিকে।
অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ৬৫ ডলার ৭১ সেন্টে দাঁড়িয়েছে। এটি আগের দিনের তুলনায় ৪১ সেন্ট বা ০.৬ শতাংশ কম। মার্কিন বাজারে আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ৬২ ডলার ৬৭ সেন্টে এসেছে।
আইইএর সর্বশেষ মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস যদি উত্তোলন বাড়ায়, তবে আগামী বছর বিশ্ববাজারে তেলের সরবরাহ আগের পূর্বাভাসের চেয়ে বেড়ে দৈনিক ২৫ লাখ ব্যারেল হতে পারে। এর আগে পূর্বাভাস ছিল দৈনিক ২১ লাখ ব্যারেল। ওপেক প্লাস উত্তোলন বাড়ালেও চলতি ও আগামী বছরের বৈশ্বিক সরবরাহ বৃদ্ধির মূল দায়িত্ব নেবে ওপেক-বহির্ভূত দেশগুলো। অপরদিকে, আইইএ জানিয়েছে বিশ্বব্যাপী তেলের চাহিদা কমবে। প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর দুর্বল চাহিদার কারণে এ বছর দৈনিক চাহিদা ৬ লাখ ৮০ হাজার ব্যারেল বাড়তে পারে, যা আগের পূর্বাভাসে ছিল ৭ লাখ ব্যারেল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল আলাস্কায় বৈঠক করবেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এটি প্রথমবারের মতো মার্কিন ও রুশ প্রেসিডেন্টের বৈঠক। বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকটি তেলের আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএম অয়েলের বিশ্লেষক টামাস ভার্গার বলেন, ‘শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা কম। এতে রাশিয়ার তেল সরবরাহ অব্যাহত থাকবে এবং বাজারে বড় অস্থিরতা হবে না।’
দীর্ঘমেয়াদি বাজারের জন্যও স্বস্তির খবর রয়েছে। ওপেক তাদের মাসিক প্রতিবেদনে আগামী বছরের জন্য বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ওপেক প্লাস-বহির্ভূত দেশগুলোর সরবরাহ বৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। এটি ভবিষ্যতে তেলের বাজারকে আরো সংহত করতে পারে।
যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) স্বল্পমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ব্রেন্টের গড় মূল্য ব্যারেলপ্রতি ৬০ ডলারের নিচে যেতে পারে। এমন হলে এটি ২০২০ সালের পর সর্বনিম্ন গড় মূল্য হবে। ইআইএ জানিয়েছে, বিশ্বব্যাপী তেল সরবরাহ পেট্রোলিয়াম চাহিদার চেয়ে বেশি থাকায় দাম কমার এ সম্ভাবনা তৈরি হয়েছে।

