বিটকয়েনের মূল্য আবারও ছুঁয়েছে নতুন উচ্চতা। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রাটি ১ লাখ ২৪ হাজার ডলার অতিক্রম করেছে।
চলতি বছরে এখন পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে ৩২ শতাংশ। গত এক বছরের হিসেবে এর মূল্যবৃদ্ধি ১০৫ শতাংশেরও বেশি। শুধু গত এক সপ্তাহেই বেড়েছে প্রায় ৭ শতাংশ। বিটকয়েনের পর জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দামও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে এর লেনদেন হচ্ছে ৪ হাজার ৭৮০ ডলারে।
অন্যদিকে, ক্রিপ্টো বাজারের আরেক উল্লেখযোগ্য মুদ্রা বাইনান্সের মূল্য এক সপ্তাহে প্রায় ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮০০ ডলারে। সোলানার দামও বেড়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ, যা বর্তমানে প্রায় ১৮০ ডলার।
বিশ্লেষকদের মতে, বিটকয়েনের এই ঊর্ধ্বগতি কোনো হঠাৎ ঘটনা নয়। যুক্তরাষ্ট্রে ইতিহাসের দ্রুততম ঋণ বৃদ্ধিই এর অন্যতম কারণ। অর্থনীতি শক্তিশালী হোক বা মন্দায় পড়ুক, নতুন ঋণের প্রবাহ বিটকয়েন ও সোনার মতো সম্পদের জন্য বাড়তি চাহিদা তৈরি করছে।

