কেরানীগঞ্জসহ ঢাকার দুই সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি ও গাজীপুর সদর উপজেলার গ্যাস সরবরাহে চাপ বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এ লক্ষ্যে পুরোনো পাইপলাইন প্রতিস্থাপনে ৮,০৬৯ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় ২ হাজার ৭৮১ কিলোমিটার পাইপলাইন বদলানো হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, কাজ শেষ হলে শুধু চাপ বাড়বেই না—প্রতি বছর প্রায় ৭৬৭ কোটি টাকার গ্যাস অপচয়ও কমে যাবে। প্রকল্প বাস্তবায়ন শুরু হবে ২০২৫ সালের জুলাইয়ে এবং শেষ হবে ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে। তিতাস জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে গ্যাস বিতরণ নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু হয় ১৯৬৮ সালে। পুরোনো সেই পাইপলাইনের বড় অংশই এবার নতুন দিয়ে প্রতিস্থাপন করা হবে। সংস্থার দাবি, কাজ শেষ হলে গ্রাহকরা স্বল্প চাপের ঝামেলা থেকে মুক্তি পাবেন, লিকেজ ও অপচয় কমবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং কার্বন নিঃসরণও কমবে।
প্রকল্প বাস্তবায়নের সময় তিন শহরের প্রধান সড়ক কেটে নতুন পাইপ বসাতে হবে এবং পুরোনো পাইপ তুলতে হবে। এরপর সড়ক মেরামত করতে হবে। ফলে যানজট ও জনদুর্ভোগ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরিকল্পনা কমিশন বলেছে, রাস্তা কর্তনের কারণে ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হবে। বিকল্প সড়কের ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করতে হবে। পাইপলাইন প্রতিস্থাপন ও রাস্তা মেরামত ধাপে ধাপে এবং দ্রুত শেষ করার কৌশল নিতে হবে। এছাড়া ভূমিকম্পের সময় স্বয়ংক্রিয়ভাবে গ্যাস সরবরাহ বন্ধ করার ব্যবস্থা রাখতে হবে।
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কাবির খান বলেন, “একই সময়ে দুটি সড়কে খনন হবে না। বিকল্প রুটের ব্যবস্থা রাখা হবে। কাজ ধাপে ধাপে শেষ করা হবে।” ৮,০৬৯ কোটি টাকার মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ৩,৯১৭ কোটি টাকা। তিতাস দেবে ৮২১ কোটি টাকা এবং বাকি ৩,৩৩১ কোটি টাকা ঋণ দেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।
বিদ্যমান গ্যাস নেটওয়ার্কের অবনতি ও নগরায়নের বিস্তার প্রকল্পটিকে জরুরি করেছে। পিক আওয়ারে গ্যাসের চাপ কমে যায়, ক্ষতিগ্রস্ত হয় সুরক্ষা ব্যবস্থা, বাড়ে লিকেজ ও দুর্ঘটনার ঝুঁকি। প্রকল্প শেষ হলে গ্যাস সরবরাহ সক্ষমতা ২৭৫ এমএমসিএফডি থেকে বেড়ে ১,০০৮ এমএমসিএফডি হবে। এতে তিতাসের গ্রাহকদের প্রায় ৭৩ শতাংশ সরাসরি উপকৃত হবেন।

