বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) একটি মাস্টার সার্কুলার জারি করেছে। এটি এক বছর কার্যকর থাকবে। সার্কুলারে এলসি রেমিট্যান্স, ক্রয়চুক্তির আওতায় আমদানি, সরবরাহকারী ও ক্রেতার ঋণ, সফটওয়্যারের ই-ডেলিভারি, বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং স্বর্ণ, রৌপ্য ও গয়নার আমদানিসহ বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
গত মাসে বাংলাদেশ ব্যাংক রপ্তানি খাতের জন্য একই ধরনের মাস্টার সার্কুলার জারি করেছিল। এবার আমদানি খাতে এ উদ্যোগকে সংশ্লিষ্টরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এতে আমদানিকারক ও ব্যাংকের জন্য নীতিমালা বোঝা সহজ হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে দেশের নীতিমালার সামঞ্জস্যও বাড়বে।
ব্যবসায়ীরা আশা করছেন, ভবিষ্যতে বৈদেশিক ঋণ, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, বিদেশে বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা হিসাব ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের মাস্টার সার্কুলার জারি হলে বৈদেশিক লেনদেন আরও স্বচ্ছ ও সহজ হবে।

