তেলের বাজারে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। মূল কারণ—যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কা বৈঠক ব্যর্থ হয়, তাহলে রুশ তেলের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এতে বাজারে তেলের সরবরাহ কমে যেতে পারে।
বৈঠককে ঘিরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইউক্রেন ইস্যুতে পুতিন ট্রাম্পকে চাপ দিয়ে সমঝোতা করতে পারেন—এই আশঙ্কায় ইউরোপীয় নেতারা সতর্ক রয়েছেন। বৈঠকের আগের দিন, গতকাল বৃহস্পতিবার ১৪ আগস্ট, তেলের দাম আন্তর্জাতিক বাজারে প্রায় ২ শতাংশ বেড়েছে।
ওয়াল স্ট্রিটে গত বৃহস্পতিবার শেয়ারবাজার দিনশেষে প্রায় স্থিতিশীল ছিল। তবে জুলাই মাসের পাইকারি মূল্য সূচকের তথ্য বিনিয়োগকারীদের হতাশ করেছে। মাসওয়ারি ভিত্তিতে উৎপাদক মূল্যসূচক (পিপিআই) বেড়েছে ০.৯ শতাংশ, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এর আগে প্রকাশিত ভোক্তা মূল্যসূচক তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক নর্থলাইট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ক্রিস জাকারেলি বলেন, “আজ সকালে উৎপাদক মূল্যসূচকের বড় লাফ দেখাচ্ছে। মুদ্রাস্ফীতি অর্থনীতির ভেতরে ছড়িয়ে পড়ছে, যদিও তা এখনো ভোক্তাদের কাছে তেমনভাবে অনুভূত হয়নি। এটি আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর আশাকে দুর্বল করতে পারে।”
ফিউচার বাজারে এখনো এক চতুর্থাংশ শতাংশ সুদের হার কমানোর সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তবে ক্রেসেট ক্যাপিটাল ম্যানেজমেন্টের জ্যাক অ্যাবলিন মনে করেন, বড় আকারের (অর্ধ শতাংশ) হার কমানো এখন সম্ভব নয়।
মার্কিন শেয়ারবাজারের সবচেয়ে বড় তিনটি সূচক দিনের শুরুর পয়েন্ট থেকে মাত্র ০.১ শতাংশের মধ্যে শেষ হয়েছে। ইউরোপে প্যারিস, ফ্রাঙ্কফুর্ট ও লন্ডনের বাজার দিনশেষে ইতিবাচক ফলাফলে বন্ধ হয়েছে। তেল বিশ্লেষক স্টিফেন শর্ক বলেন, “বাজার এখন খুবই স্নায়ুচাপে আছে।” বিনিয়োগকারীরা মূলত রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়ে সতর্ক।

