৩০ লাখ ডলারের বেশি আমদানিতে ২৪ ঘণ্টা আগে তথ্য জানানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। নতুন নীতিমালা আজ থেকে কার্যকর হয়ে এক বছর বলবৎ থাকবে। এর মধ্যে নতুন কোনো নির্দেশনা এলে তা এ নীতিমালার সঙ্গে সমন্বয় করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, আমদানি লেনদেন সহজ ও সুশৃঙ্খল করতে আগের সব সার্কুলার একত্রে এনে নতুন বিধিমালা করা হয়েছে। জিএফইটি-২০১৮ ভলিউম-১ এবং পরবর্তী সার্কুলারের আমদানি সংক্রান্ত নির্দেশনা বাতিল হলেও, ভলিউম-২-এ থাকা মাসিক রিপোর্টিংয়ের পুরনো নিয়ম বহাল থাকবে।
নতুন নীতিমালা অনুযায়ী, ৩০ লাখ ডলার বা সমমূল্যের পণ্য আমদানির ক্ষেত্রে অন্তত ২৪ ঘণ্টা আগে অনলাইন ইমপোর্ট মনিটরিং সিস্টেমে (ওআইএমএস) তথ্য দিতে হবে। সরকারি আমদানিতে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। এছাড়া প্রতিদিন ওআইএমএসে আমদানির তথ্য রিপোর্ট করবে অনুমোদিত ব্যাংকগুলো, যাতে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিকভাবে আমদানির প্রবাহ, দায় এবং বৈদেশিক মুদ্রার চাহিদা পর্যবেক্ষণ করতে পারে।
প্রফর্মা ইনভয়েসে পণ্যের মান, ব্র্যান্ড, উৎপাদনের তারিখ, গ্রেড, ইউনিট মূল্য, পরিমাণ ও প্যাকেজিংয়ের তথ্য স্পষ্টভাবে উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে। সঠিক ৮ অঙ্কের এইচএস কোড ব্যবহার না করলে কাস্টমস জরিমানা করতে পারবে। ফ্রি অন বোর্ড (এফওবি) ভিত্তিক আমদানিতে শিপিং কোম্পানি, এয়ারলাইনস বা লাইসেন্সধারী ফ্রেইট ফরওয়ার্ডারকে টাকায় বা বৈদেশিক মুদ্রায় পরিবহন খরচ দেয়া যাবে, তবে বাংলাদেশ ব্যাংকের সনদপত্র জমা দিতে হবে।
সরবরাহকারীর ব্যাংক গ্যারান্টি থাকলে অগ্রিম অর্থ পাঠানো যাবে। ১০ হাজার ডলার পর্যন্ত অগ্রিম অর্থ গ্যারান্টি ছাড়াই পাঠানো যাবে, তবে ‘নো ইয়োর কাস্টমার’ (কেওয়াইসি), মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন (এএমএল/সিএফটি) মেনে চলতে হবে এবং আগের বিল অব এন্ট্রি জমা দিতে হবে। গ্যারান্টি ছাড়া বড় অঙ্কের অগ্রিম অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে।
রেমিট্যান্স পাঠানোর চার মাসের মধ্যে কাস্টমস সনদপ্রাপ্ত বিল অব এন্ট্রি ব্যাংকে জমা দিতে হবে। সাপ্লায়ারস ক্রেডিট বা বায়ারস ক্রেডিটে সময় গণনার নিয়ম আলাদা হবে এবং সময় বাড়াতে এফইওডিতে আবেদন করতে হবে। শিল্প কাঁচামালের ক্ষেত্রে ক্রেডিটের সর্বোচ্চ সময় ১৮০ দিন, জাহাজ ও কিছু বিশেষ পণ্যের জন্য ৩৬০ দিন, নির্দিষ্ট পণ্যের জন্য ২৭০ দিন এবং পুঁজিবাজারের যন্ত্রপাতির জন্য তিন বছর পর্যন্ত সময় নেয়া যাবে।
সময়মতো দায় পরিশোধে ব্যর্থ হলে পেমেন্ট বিহেভিয়ার ফ্রেমওয়ার্ক অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে, প্রয়োজনে ব্যাংকের এডি লাইসেন্স বাতিলও হতে পারে। প্রতিটি শাখাকে নিয়মিত বকেয়া বিল মনিটর ও রিপোর্ট করতে হবে। এছাড়া সফটওয়্যার ও আইটি সেবা ই-ডেলিভারির মাধ্যমে আমদানিতে বেসিসের সার্টিফিকেট, কাস্টমস মূল্যায়ন ও কর পরিশোধের প্রমাণপত্র লাগবে।

