বঙ্গোপসাগরে মাছের প্রাচুর্য কমে যাওয়ায় চট্টগ্রামের মৎস্যজীবীরা আর আগের মতো মাছ পাচ্ছেন না। এর প্রভাব পড়েছে হিমায়িত সামুদ্রিক মাছ রপ্তানিতে। সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি কমেছে ১ হাজার ১৬৪ দশমিক ৫ টন। এতে বৈদেশিক আয়ও কমেছে।
ব্যবসায়ীরা বলছেন, এক সময় চাঙা থাকা খাতটি এখন মুখ থুবড়ে পড়েছে। অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন দিতে পারছে না। তারা মনে করছেন, সরকারী প্রণোদনা থাকলে খাতটি আবার ঘুরে দাঁড়াতে পারবে। চট্টগ্রাম অঞ্চলের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত অর্থবছরে হিমায়িত সামুদ্রিক মাছ রপ্তানি হয়েছে ৩ হাজার ৭২৭ দশমিক ৫৬৭ টন। আয় হয়েছে ১ কোটি ১০ লাখ ৪ হাজার ৯৬৪ মার্কিন ডলার। আগের অর্থবছরে (২০২৩-২৪) রপ্তানি হয়েছিল ৪ হাজার ৮৯২ দশমিক ৬৭ টন, আয় হয়েছিল ১ কোটি ৫৩ লাখ ১২ হাজার ৫৬৩ ডলার।
রপ্তানিকারকরা জানাচ্ছেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সামুদ্রিক মাছের চাহিদা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও কুয়েতে। সরকারের অনুমতি সাপেক্ষে কিছু ইলিশ ভারতে রপ্তানি হয়। ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ রপ্তানি হয়েছে ২১ দশমিক ৪৮৫ টন, আগের বছরে ছিল ২৯ দশমিক ১২ টন।
বাংলাদেশ থেকে হিমায়িত সামুদ্রিক মাছের মধ্যে ইল বা বাইম, কাটলফিশ, রূপচাঁদা, কোরাল, লাক্ষা, ছুরি, লইট্টা, সুরমা, টুনা, পোয়া, ভেটকি ও দাতিনা রপ্তানি হয়। গত বছর দুর্গাপূজার সময়ে ভারতে ইলিশ রপ্তানির জন্য ৪৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছিল। এসব প্রতিষ্ঠান মোট ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি করেছিল। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ইলিশ রপ্তানি শুরু হয়েছিল ২০১৯ সালে। প্রথম চালানের প্রতি কেজি দাম ছিল ৬ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৫০৭ টাকা। পরে ২০তম চালানে দাম বেড়ে প্রতি কেজি ১০ ডলার হয়।
চট্টগ্রাম অঞ্চলের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক ফারহানা লাভলী বলেন, ‘বঙ্গোপসাগর থেকে পাওয়া প্রায় সব ধরনের মাছ বিদেশে রপ্তানি হয়। ইলিশ রপ্তানি বর্তমানে সীমিত। ভালো মানের মাছকে প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে হলে মাছ পাওয়া জরুরি। মাছ না থাকলে রপ্তানি সম্ভব নয়।’ বিডিসি ফুডস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, ‘সমুদ্রে মাছ কম। মৎস্যজীবীরা সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। মাছ না থাকলে ব্যবসা থমকে যায়।’
বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফ হোসাইন বলেন, ‘এক সময় বিদেশে মাছ বিক্রি করে প্রচুর বৈদেশিক আয় হতো। এখন অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের বেতনও দিতে পারছে না।’ প্যাসিফিক সি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দোদুল কুমার দত্ত বলেন, ‘গত বছর ভারতে কিছু ইলিশ রপ্তানি করেছি। কিন্তু এ বছর অনুমতি মেলেনি। সরকার চাইলে ইলিশ রপ্তানি সম্ভব, নাহলে না।’
বাংলাদেশ নন-প্যাকার ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব রানা বলেন, ‘বিশ্বের বাঙালি বসবাসকারী দেশগুলোতে বাংলাদেশের সামুদ্রিক মাছের চাহিদা আছে। তবে বিভিন্ন সমস্যার কারণে ও সরকারি নীতির কারণে খাতটি ধ্বংসের পথে। সরকারের প্রণোদনা দিলে রপ্তানি বাড়বে।’

