মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পরিষ্কার জানিয়ে দিয়েছেন— তিনি রাজনীতিতে নামছেন না।
“না, রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। আমি সেই মানুষ নই,”— দৃঢ় কণ্ঠে বলেন তিনি।
প্রফেসর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হচ্ছে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া, আর সেটিই এখন তার প্রধান কাজ। “গত এক বছরে আমরা অনেক পথ এগিয়েছি। এই আগস্টে আমরা প্রথম বছর শেষ করেছি, আর এই সময়ে অনেক কিছু অর্জন সম্ভব হয়েছে।”
তার মতে, এই এক বছরে সবচেয়ে বড় সাফল্য হলো ‘ঐকমত্য কমিশন’ গঠন— যা ১১টি আলাদা সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে। নির্বাচনসংক্রান্ত সংস্কার প্রতিবেদন এই মাসের শেষ নাগাদ হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রতিবেদনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ভোটব্যবস্থা গড়ে তোলার পথ খুলে যাবে বলে আশা করছেন তিনি।
প্রধান উপদেষ্টা জানান, ঐকমত্য কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংবেদনশীল ইস্যুতে সমঝোতা তৈরি করা। “সংসদ এককক্ষ হবে নাকি দ্বিকক্ষ— এমন বিষয়েও তীব্র বিতর্ক রয়েছে। এসব প্রশ্নের সমাধান পেতেই ঐকমত্য প্রয়োজন,”— বলেন ইউনূস।
তিনি আশাবাদী যে দেশ এখন সঠিক পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব হবে। প্রতিশ্রুতি দিয়ে বলেন, “এবারের নির্বাচন হবে আগের তিনটি ‘মিথ্যা’ নির্বাচনের চেয়ে অনেক ভালো। বহু বছর পর জনগণ সত্যিকারের ভোট দেওয়ার সুযোগ পাবে। হাসিনার আমলে যে লাখো মানুষ ভোট দিতে পারেনি— এবার তাদের জন্যই এই নির্বাচন বড় অর্থবহ হয়ে উঠবে।”

