পোশাক খাতের শ্রম অসন্তোষ মোকাবিলায় গত দুই বছরে ১২টি প্রতিষ্ঠানকে মোট ৭০৬ কোটি ৬০ লাখ টাকা ঋণ দিয়েছে সরকার। এর মধ্যে আটটি প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের মেয়াদ শেষ হলেও টাকা ফেরত আসেনি। চলতি মাসে আরও দুটি প্রতিষ্ঠানের ঋণ শোধের সময় শেষ হবে। একটি প্রতিষ্ঠানের মেয়াদ আগামী মাসে, আরেকটির ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে।
সরকার ঋণ আদায়ে তাগাদা দিচ্ছে। বন্ধক রাখা সম্পত্তি বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মোট ঋণের মধ্যে অর্থ বিভাগ দিয়েছে ৬২৫ কোটি ৪৫ লাখ টাকা এবং শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে দেওয়া হয়েছে ৮১ কোটি ১৪ লাখ টাকা। ঋণগুলো ১ মাস থেকে ২ বছরের মধ্যে পরিশোধের শর্তে দেওয়া হয়েছিল।
বিজিএমইএ ৫ কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দিয়েছে। একটি প্রতিষ্ঠান ২ কোটি ১৭ লাখ টাকা এবং আরেকটি ৬৫ লাখ টাকা শোধ করেছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে বারবার তাগিদ দিলেও বেশির ভাগ সাড়া দিচ্ছে না। শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রম অসন্তোষ নিরসনে দেওয়া এ টাকা ফেরত দিতেই হবে। না দিলে সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করা হবে।
অর্থ বিভাগ সবচেয়ে বেশি ঋণ দিয়েছে বেক্সিমকো গ্রুপকে—২০২৪ সালের ৬ মার্চ ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা, মেয়াদ ৬ মাস। বেক্সিমকো ফ্যাশন লিমিটেডকে ৫০ কোটি টাকা দেওয়া হয় ২১ নভেম্বর। বার্ডস গ্রুপকে ১৪ কোটি, ডার্ড গ্রুপকে ১৩ কোটি এবং নায়াগ্রা টেক্সটাইলসকে ১৩ কোটি টাকা দেওয়া হয় বিভিন্ন মেয়াদে। বার্ডস ও ডার্ড গ্রুপের ঋণ শোধের সময় শেষ হয়েছে। নায়াগ্রা টেক্সটাইলসের সময় শেষ হবে ২৭ আগস্ট। টিএনজেড গ্রুপ ১০ কোটি টাকা ঋণ নিয়েও ফেরত দেয়নি। এ গ্রুপের পরিচালক শাহাদাৎ হোসেন শামীম বিদেশে আছেন বলে জানা গেছে।
কেন্দ্রীয় তহবিল থেকে ১০টি কোম্পানি ঋণ নিয়েছে। সবচেয়ে বেশি ঋণ নিয়েছে টিএনজেড গ্রুপ—দুই দফায় মোট ২৮ কোটি টাকা। বেক্সিমকো ফ্যাশন লিমিটেড নিয়েছে ৯ কোটি ৫৪ লাখ টাকা। বার্ডস ও নায়াগ্রা টেক্সটাইলস নিয়েছে ৫ কোটি টাকা করে। নায়াগ্রা ছাড়া সবার ঋণ পরিশোধের সময় শেষ। মাহমুদ জিনস লিমিটেড নিয়েছে ২১ কোটি টাকা, রোয়ার ফ্যাশনস ১ কোটি ২৩ লাখ এবং ইয়েলো অ্যাপারেলস ৩৭ লাখ টাকা। মাহমুদ জিনসের গুলশানের ৭ দশমিক ৫ কাঠার বাড়ি বিক্রির উদ্যোগ নিয়েছে শ্রম মন্ত্রণালয়। তবে মূল্য নিয়ে ক্রেতা-বিক্রেতার মতপার্থক্য রয়েছে।
আওয়ামী লীগ আমলে কেন্দ্রীয় তহবিল থেকে ১১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৯ এপ্রিল গোল্ডস্টার গার্মেন্টস নিয়েছিল ১ কোটি টাকা। ২০২৩ সালে স্টাইল ক্র্যাফট নিয়েছিল ৫ কোটি টাকা এবং বিজিএমইএ নিয়েছিল ৫ কোটি টাকা, যা ফেরত দেওয়া হয়েছে। গত ১০ জুলাই শ্রম মন্ত্রণালয় সাতটি প্রতিষ্ঠানকে তাগিদপত্র দিয়েছে। বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে গত মার্চে ১২ প্রতিষ্ঠানের মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অনেকেই আগেই বিদেশে চলে গেছেন।
শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, সমস্যার মূল কারণ বকেয়া বেতন। মালিকরা যদি সব সময় দুই মাসের আপৎকালীন মজুরির টাকা ব্যাংকে জমা রাখেন, তবে এত ঋণ দেওয়ার প্রয়োজন হবে না, বাড়ি বিক্রিরও দরকার পড়বে না।

