রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে রাশিয়ার পাওনা পরিশোধের পথ অবশেষে খুলতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামী ডিসেম্বর পর্যন্ত অর্থ পরিশোধে শিথিলতা এবং বিকল্প লাইসেন্সিং পদ্ধতি– এই দুই উপায় নিয়ে ভাবছে সরকার। ইতিমধ্যে রাশিয়া কীভাবে অর্থ নিতে চায়, তা জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও কার্যক্রম শুরু করেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে সাড়ে তিন বছর ধরে রূপপুর প্রকল্পের দেনা পরিশোধ আটকে আছে। এবার রাশিয়ার পরিকল্পনা জানার পর যুক্তরাষ্ট্রের অনাপত্তি নিয়ে দ্রুত অর্থ ছাড় করার উদ্যোগ নেওয়া হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী বলেন, ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার দেনা পরিশোধে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংককে পদক্ষেপ নিতে বলা হয়েছে, তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে।
ইআরডি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের শিথিলতা কাজে লাগিয়ে অর্থ পরিশোধের পাশাপাশি লাইসেন্সিং পদ্ধতিতেও ভাবা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অর্থ দেওয়া সম্ভব। তবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বেশির ভাগই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের ব্যাংকে রাখা এবং আন্তর্জাতিক লেনদেনে সুইফ্ট ব্যবহারের কারণে এ পদ্ধতিতে জটিলতা থাকছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার ‘এটমস্ট্রয় এক্সপোর্ট’ সোনালী ব্যাংকে কয়েকটি বৈদেশিক মুদ্রা হিসাব (এফসি অ্যাকাউন্ট) খুলতে চায়। সেখান থেকে তারা অর্থ রাশিয়ায় নিতে চায়। তবে এ পদ্ধতিতে অর্থ স্থানান্তরের সুযোগ নেই, কারণ বৈদেশিক মুদ্রা নিষ্পত্তির সব ক্লিয়ারিং অ্যাকাউন্ট যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশের নিয়ন্ত্রণে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২২ সাল থেকে গত জুন পর্যন্ত স্ক্রো হিসাবে জমা আছে ১০৩ কোটি ১৮ লাখ ডলার। এর মধ্যে গত অর্থবছরে জমা হয় ২২ কোটি ২৮ লাখ ডলার। ইতিমধ্যে স্থানীয় ঠিকাদার ও অন্যান্য ব্যয় বাবদ ১৮ কোটি ডলার দেওয়া হয়েছে। এখনো ৮৫ কোটি ডলার পরিশোধ বাকি।
রাশিয়ার অর্থায়নে ২০১৬ সালের জুলাইয়ে রূপপুর প্রকল্পের চুক্তি হয়। চুক্তিমূল্যের ৯০ শতাংশ, অর্থাৎ ১ হাজার ১৩৮ কোটি ডলার দিচ্ছে রাশিয়া। বাকি ১০ শতাংশ সোনালী ব্যাংকের মাধ্যমে স্থানীয় ঠিকাদারদের দেওয়া হচ্ছে। মূল ঋণ পরিশোধ শুরু হবে ২০২৭ সালের মার্চে। বাংলাদেশ দুই বছরের বাড়তি সময় চেয়ে ২০২৯ পর্যন্ত গ্রেস পিরিয়ডের প্রস্তাব দিয়েছে, যা এখনো গৃহীত হয়নি। ২০২৩ সাল থেকে ঋণের সুদ এবং প্রকল্পের বাইরে নেওয়া ৫০০ মিলিয়ন ডলারের অর্থ পরিশোধ শুরু হয়েছে।
নিষেধাজ্ঞার শুরুতে ২০২২ সালে রাশিয়া নিজেই অর্থ পরিশোধ স্থগিত রাখতে বলে। পরে আইএমএফের পরামর্শে বাংলাদেশ ব্যাংক আলাদা হিসাবে অর্থ জমা করছে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় রাশিয়া এখন পাওনা নিতে চাচ্ছে। গত বছর চীনের পিপলস ব্যাংক অব চায়নায় হিসাব খুলে পরিশোধের চেষ্টা হয়েছিল, কিন্তু নিষেধাজ্ঞার ঝুঁকিতে তা সফল হয়নি।
গত বছরের এপ্রিল মাসে রাশিয়ার সঙ্গে চীনের ব্যাংকের মাধ্যমে অর্থ দেওয়ার প্রটোকল চুক্তি হয়। মার্চে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল চীনে গিয়ে আন্তর্জাতিক লেনদেনে সিআইপিএস ব্যবস্থায় যুক্ত হওয়ার বিষয়েও আলোচনা করে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে রপ্তানি আয়ের বড় অংশ থাকায় এবং রিজার্ভের অধিকাংশ পশ্চিমা দেশে থাকায় বাংলাদেশ সেই ঝুঁকি নেয়নি।

