দেশে চালের দাম স্থিতিশীল রাখতে ৫ লাখ টন চাল শুল্কমুক্ত আমদানি করা হবে। এই সিদ্ধান্তের পর দুই দিনের মধ্যে ভারতের চালের দাম ১৪ শতাংশ বেড়ে গেছে। বিগত অর্থবছরে চাহিদা মেটাতে বাংলাদেশ ১৩ লাখ টন চাল আমদানি করেছিল, জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। চলতি অর্থবছরে দেশজুড়ে চালের দাম প্রায় ১৬ শতাংশ বেড়েছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ মূলত ভোক্তাদের ওপর খাবারের মূল্যস্ফীতির চাপ কমাতে নেওয়া হয়েছে। আমদানিকারকরা জানিয়েছেন, পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে কার্গো বুকিং শুরু হয়ে গেছে। এটি দুই দেশের মধ্যে সবচেয়ে ব্যস্ত সীমান্ত। রাইসভিলা’র সিইও সুরাজ আগরওয়াল বলেছেন, “লজিস্টিক ও খরচের দিক থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে চাল রপ্তানি সবচেয়ে সুবিধাজনক। ঘোষণার রাতেই ট্রাকগুলো বাংলাদেশের দিকে রওনা হয়েছে।”
ভারতে দাম বৃদ্ধি:
ভারতীয় সংবাদমাধ্যমে দেখা গেছে খুচরা দাম তুঙ্গে। স্বর্ণা ধানের দাম কেজি প্রতি ৩৪ টাকা থেকে বেড়ে ৩৯ টাকা, মিনিকেট ৪৯ থেকে ৫৫ টাকা, রত্না ৩৬–৩৭ থেকে ৪১–৪২ টাকা, সোনা মাসুরি ৫২ থেকে ৫৬ টাকা হয়েছে। ভারতের ব্যবসায়ীরা আগে থেকেই জানতে পেরেছিলেন বাংলাদেশ শুল্কমুক্ত আমদানি করবে। তাই সীমান্তে ভারতীয় ব্যবসায়ীরা আগে থেকেই চালের স্টক জমা বা সংরক্ষণ করে রেখেছিলেন। তবে মিলাররা বলছেন, ভারতের সরবরাহ এখনও যথেষ্ট। আন্দ্রপ্রদেশের মিলার সি.কে. রাও নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার সকালেই তার ট্রাকগুলো বাংলাদেশের দিকে রওনা হয়েছে।
বাজারে প্রভাব: বাংলাদেশি কর্মকর্তারা আশা করছেন, এই সিদ্ধান্ত কয়েক সপ্তাহের মধ্যে দেশজুড়ে চালের দাম স্থিতিশীল করতে সহায়তা করবে। হালদার ভেঞ্চার লিমিটেডের কেশব কুমার হালদার ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, “বিশ্ব বাজারে চালের দাম সাম্প্রতিক সময়ে কমেছে। বাংলাদেশি অর্ডার ভারতের বাজারকে সাময়িক চাপে সাহায্য করবে এবং বিশ্ব বাজারের দাম কমার প্রভাব কিছুটা শিথিল করবে।” ঢাকার লক্ষ্য রয়ে গেছে—পতনকালীন মৌসুমে সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য চাল সাশ্রয়ী রাখা।

