Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ড্যাম উত্তেজনা বাংলাদেশে কতটা বিপদ ডেকে আনছে?
    অর্থনীতি

    ড্যাম উত্তেজনা বাংলাদেশে কতটা বিপদ ডেকে আনছে?

    মনিরুজ্জামানআগস্ট 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীন, ভারত ও পাকিস্তান সামনের দিনগুলোতে আন্তসীমান্ত নদীগুলোকে প্রতিদ্বন্দ্বিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তারা পানির প্রবাহকে নিয়ন্ত্রণ ও দখলের উপকরণ হিসেবে দেখছে। এই চলমান “ড্যামযুদ্ধের” অনিবার্য শিকার হতে পারে ভাটির বাংলাদেশ।

    ব্রহ্মপুত্রের স্রোতে চীন বিশ্বের বৃহত্তম ‘ড্যাম’ বানাচ্ছে অর্থাৎ পানিনিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ বসাচ্ছে। আগেও তারা এ রকম বানিয়েছে। তবে এবারেরটা অতীতেরগুলোর চেয়ে অনেক বড়। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও একই স্রোতে কিছু দূরে ড্যাম তৈরির উদ্যোগ নিয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। প্রায় সবার অনুমান, আঞ্চলিক দুই পরাশক্তির এ রকম পানিযুদ্ধে বেশ ঝুঁকিতে পড়বে ভাটির বাংলাদেশ।

    ব্রহ্মপুত্র অববাহিকার ৮ থেকে ১০ ভাগ বাংলাদেশের ভেতরও আছে। অথচ এখানে চীন-ভারতের চলতি পাল্টাপাল্টি ড্যামযুদ্ধের ফলাফল নিয়ে জোরালো আলাপ নেই, উদ্বেগ-আপত্তি নেই, প্রতিবাদও নেই। স্বভাবত আন্তর্জাতিক নদীতে নিজেদের স্বার্থের প্রশ্নে গত দেড় দশকের চুপ থাকার নীতি থেকে এখনো বাংলাদেশ বের হতে পারছে না বলেই ধরে নিচ্ছে বিশ্বের অনেকে।

    তিব্বতে কংক্রিটের মহা আখ্যান:

    গত ২১ জুলাই, বাংলাদেশে যখন গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তির তোড়জোড় চলছে, সেই ফাঁকে আলোচ্য চীনা ড্যামের কাজের শুরু। গণচীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এক অনুষ্ঠানের মাধ্যমে নিজ দেশে বিশ্বের সবচেয়ে বড় ড্যাম বানানোর উদ্বোধন করলেন। এ ড্যাম হবে তিব্বতের মিদং এলাকায় ইয়ারলং চাংপো নদীতে। একই নদী অরুণাচলে সি-আং এবং তার পরের ভাটিতে ব্রহ্মপুত্র ও যমুনা নামে বইছে।

    চীন বলছে, এ ড্যাম তৈরিতে ১৬৭ বিলিয়ন ডলার খরচ হবে। বিশাল বাজেট বলে দিচ্ছে, কী ধরনের বড় অবকাঠামো গড়া হচ্ছে ব্রহ্মপুত্রের বুকে।এত দিন বিশ্বের বড় ড্যাম হিসেবে গণ্য হতো চীনের ছাং চিয়াং (ইয়াংৎসি) নদীর ওপর বসানো থ্রি গর্জেস ড্যাম, যার উচ্চতা প্রায় ৬০ তলা ভবনের মতো। বন্যানিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ওটা বসানো হয়েছিল। প্রায় দেড় হাজার গ্রাম ক্ষতিগ্রস্ত হয় এতে। ১৪ লাখ স্থানীয় মানুষ ওই ড্যামের কারণে বসতি হারায়। আবার ড্যামের মাধ্যমে বন্যাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা গেছে এবং এখান থেকে বেশ বড় হিসাবের বিদ্যুৎও মিলেছে। নিশ্চিতভাবে বলা যায়, থ্রি গর্জেসের লাভ-ক্ষতির হিসাব ছাড়িয়ে যাবে নতুন ড্যামে।

    ভীত ভারতের পাল্টা ড্যাম:

    চীনের সঙ্গে ভারতের আন্তনদী অনেক। তবে শতদ্রু আর ব্রহ্মপুত্রের প্রবাহ নিয়ে হাইড্রোলজিক্যাল ডেটা লেনদেনের সমঝোতা-স্মারক ছাড়া উভয়ের মধ্যে সামগ্রিক নদীপ্রবাহ নিয়ে আর কোনো চুক্তি নেই। ফলে ভারত বা বাংলাদেশের পরিণতির তোয়াক্কা না করেই চীন ব্রহ্মপুত্রের জলে যা খুশি তা করতে পারে। ২০১৭ সালে সীমান্তযুদ্ধের পর ভারতের সঙ্গে করা আগের স্মারক অনুযায়ীও তথ্য-উপাত্ত দিচ্ছে না বেইজিং আর।

    আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, মিদংয়ের ড্যাম ও জলবিদ্যুৎ প্রকল্পটি এত বৃহৎ যে এ সম্পর্কে ভারতের ভীত না হয়ে উপায় নেই। তাদের ভীতির একটা কারণ, ড্যামের জন্য চীনাদের জায়গা বাছাইয়ের ধরন। অরুণাচলের একেবারে ধার ঘেঁষে ড্যামটি বানাচ্ছে চীন।

    ভারতনিয়ন্ত্রিত এই প্রদেশ চীন বহুকাল নিজের বলে দাবি করছে। এ রকম একটা জায়গায় চীনের ১৫০ বিলিয়নের বেশি ডলার বিনিয়োগ-উদ্যোগ দেখে ভারত উদ্বিগ্ন না হয়ে পারে না। ২০১৭ সালের সংঘাতের পর থেকে চীন গালওয়ান নদীর লাদাখমুখী স্রোত পাল্টে দিচ্ছে দেখেও নয়াদিল্লিতে উদ্বেগ আরও বেড়েছে। এ রকম সব কিছুর ফল হিসেবে তিব্বতের খানিক ভাটিতে, ব্রহ্মপুত্র অরুণাচলের যেখানে স্থানীয় লোকজনের কাছে সি-আং নদী হিসেবে পরিচিত, সেখানে ভারতও দৈত্যকার এক ড্যাম বানানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। উভয় ড্যামের দূরত্ব বেশি নয়। হিমালয়ের সর্বপূর্বে নামচা বারোয়া শৃঙ্গের কাছ দিয়ে নদীটি যেখানে ইউটার্ন নিয়েছে, সেখানেই অল্প দূরত্বে দুটি ড্যাম হবে।

    অরুণাচলের আপার সি-আং জেলা একেবারে তিব্বত লাগোয়া। নয়াদিল্লি থেকে প্রায় দুই হাজার কিলোমিটার ও চীনের রাজধানী থেকে প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার দূরে এ জায়গা। উভয় রাজধানীর শাসকদের জন্য শক্তি দেখানোর বড় এক ক্ষেত্র হয়ে উঠছে দূরবর্তী ও দুর্গম এ অঞ্চলের জলসম্পদ। তবে গণচীন যতটা সহজে ড্যাম তৈরি শুরু করে দিয়েছে, ভারতের পক্ষে তত সহজে সে কাজ সম্ভব হচ্ছে না। অরুণাচলের বাসিন্দা ‘আদি’ ট্রাইবের কাছে সি-আং মাতৃতুল্য। ড্যাম হলে তারা নিজেরাও উদ্বাস্তু হবে। এ নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ।

    ব্রিটিশরা ভারত দখলের আগে অরুণাচলের এ এলাকা তিব্বতেরই অংশ ছিল। এখানকার ‘আদি’রা তিব্বতের অংশে এখন ‘লোহবা’ নামে পরিচিত। ফলে বলা যায়, তিব্বতের মিদং ও অরুণাচলের আপার সি-আংয়ে ড্যামের তাৎক্ষণিক শিকার হবে আদি ও লোহবারা। কিন্তু চীন ও ভারতের জাতীয়তাবাদী জিদ ও আধিপত্যের ক্ষুধার কাছে স্থানীয় ট্রাইবাল অসন্তোষের কানাকড়িও দাম নেই; যেভাবে পাকিস্তান সরকার কাপ্তাই ড্যাম করার সময় চাকমাদের আহাজারির তেমন তোয়াক্কা করেনি। বিশ্ববাসী এ মুহূর্তে যখন ভারত ও চীনের দুই বিশাল নির্মাণযজ্ঞের গল্প শুনছে, তখন এ অঞ্চলের স্থানীয় মানুষদের বিপণ্নতার কথা সামান্যই জানাচ্ছে আন্তর্জাতিক প্রচারমাধ্যম।

    ভারত তার নির্মিতব্য ড্যামের নাম দিয়েছে ‘আপার সি-আং জলবিদ্যুৎ প্রকল্প’। বলা বাহুল্য, বিদ্যুৎ উৎপাদন ছাড়াও এ প্রকল্পে ভূরাজনীতিও মিশে আছে। ভারত মনে করছে, মিদংয়ের ড্যামের মাধ্যমে চীন ব্রহ্মপুত্রে পুরো নিয়ন্ত্রণে নেবে। কখনো তারা এ প্রবাহের পানি আটকাবে, কখনো বেশি করে ছেড়ে বিধ্বংসী বন্যা ঘটাবে। এতে বিশেষভাবে বিপদে পড়বে আসাম। এ রকম আশঙ্কার সুরক্ষা হিসেবে সি-আং প্রকল্প। এ ড্যাম বসাতে তাদের খরচ হবে প্রায় ১৩ বিলিয়ন ডলার। বিনিময়ে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে অনুমান রয়েছে।

    কিন্তু তাতে মুশকিলের দিক আছে অনেক। এ বছর জানুয়ারিতে প্রকাশিত আল–জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, অরুণাচলের কয়েক ডজন গ্রাম ডুবে যাবে এ ড্যামে। আর আছে ভূমিকম্পের ভয়। হিমালয়ের এ অঞ্চলে বড় বড় ভূমিকম্পের রেকর্ড অনেক। অনেকের মনে আছে হয়তো, ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৯ হাজার লোক মারা গেলেন। ৮ মাত্রার ভূমিকম্পেরও রেকর্ড (১৯৩৪) আছে এ অঞ্চলে। চীনে গত শতাব্দীতে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে অন্তত ছয়বার। এ বছর জানুয়ারিতে তিব্বতে যে ভূমিকম্প হলো, তাতেও আশপাশের নানা আয়তনের অন্তত পাঁচটি ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ভবিষ্যতে যেকোনো বড় ভূমিকম্পে নির্মাণাধীন এই দুটি ড্যামের কোনোটি ক্ষতিগ্রস্ত হলে ভাটিতে আসাম ও বাংলাদেশে অকল্পনীয় ক্ষয়ক্ষতির শঙ্কা আছে। এ রকম ক্ষয়ক্ষতির মধ্যে থাকবে গ্রামের পর গ্রাম ধুয়েমুছে চলে যাওয়া। এ ছাড়া এই দুটি ড্যাম পুরো ব্রহ্মপুত্র উপত্যকায় প্রতিবেশকাঠামোতে বড় ধরনের পরিবর্তন ঘটাবে বলে পরিবেশবাদীদের অনুমান। সব মিলে কোটি কোটি মানুষকে চিরস্থায়ী ঝুঁকিতে ফেলতে যাচ্ছে উভয় ড্যাম।

    দুই অবকাঠামোতে বাংলাদেশ যেভাবে ঝুঁকিতে:

    অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, যিনি নিজে স্থানীয় মনপা ট্রাইবের লোক। তিনি ব্রহ্মপুত্রের স্রোতে চীনের ড্যামকে বলেছেন সম্ভাব্য এক ‘পানিবোমা’। ব্যাপারটি উজানের মানুষদের জন্য ঠিক তাই। চীন তাদের ড্যাম ৪০ বিলিয়ন কিউবিক মিটার পানি জমাতে পারবে। তবে বর্তমানের বিজেপির রাজনীতির অনুসারী পেমা চীনের বোমা নিয়ে যতটা উদ্বিগ্ন, ততটা নন নিজ সরকারের বানাতে চাওয়া ‘পানিবোমা’ নিয়ে।

    বাংলাদেশের জন্য আসলে ‘পানিবোমা’ তৈরি হচ্ছে দুটি। চীন ও ভারত উভয়ের ড্যামই বাংলাদেশের জন্য বোমাতুল্য হুমকি হিসেবে ঝুলে থাকবে। সেসব বোমায় বিস্ফোরণ না ঘটলেও ড্যামগুলো ব্রহ্মপুত্রের পলিপ্রবাহে ব্যাঘাত ঘটাবে তাৎক্ষণিকভাবে। এতে নদীর বাংলাদেশ অংশে কৃষি খাতে নানা ধরনের খারাপ পরিবর্তন ঘটতে থাকবে। মৎস্য খাতেও নেতিবাচক প্রতিক্রিয়া অনিবার্য। বাংলাদেশের নদীর পানির ৬৫ ভাগ হিস্যাই ব্রহ্মপুত্র-যমুনার স্রোতে আসে। অথচ ঢাকা থেকে ড্যাম প্রকল্পগুলো নিয়ে চীন-ভারতের কাছে জোরালো কোনো উচ্চবাচ্য করা হয়েছে কি? বাংলাদেশের গত দেড় দশকের পররাষ্ট্রনীতি নয়াদিল্লিমুখী হয়ে হেলে পড়েছিল বলে অভিযোগ আছে। এখন আবার সেটা যুক্তরাষ্ট্র ও চীনের দিকে হেলে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে। গত ১৫ বছরে আন্তনদীগুলোর ন্যায্য হিস্যা নিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে কখনো শক্তভাবে দর–কষাকষি করেনি এবং সে কারণে কিছু পায়নি।

    এখন ব্রহ্মপুত্রে চীনের এবং পাশাপাশি ভারতের বিধ্বংসী ড্যাম প্রকল্পেও বাংলাদেশকে যে নীরব দেখা যাচ্ছে, সেটা দেশের স্বার্থে বেশ বেমানান। বাংলাদেশের পররাষ্ট্র বিভাগ নদ-নদী প্রশ্নে প্রায় আগের অবস্থাতেই যেন আছে। এখানকার নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোও জাতীয় নিরাপত্তার দিক থেকে জরুরি এ বিষয়ে উদাসীন দেখা যাচ্ছে। পরিবেশবাদী যাঁরা সরকারে আছেন, এ বিষয়ে তাঁদেরও কোনো বক্তব্য মিলছে না। তবে নিশ্চয়ই এটা তথাকথিত পরিবেশ প্রশ্নের চেয়েও অনেক বড় বিষয়।

    পাকিস্তান যে কারণে খুশি:

    ব্রহ্মপুত্রে চীনের ড্যাম এবং তার পাল্টা হিসেবে ভারতের অনুরূপ উদ্যোগে পাকিস্তানের পত্রপত্রিকায় বিস্ময়করভাবে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা মনে করছে, এতে পানি বিষয়ে ভারতের হাতে তাদের এত দিনের নিগ্রহদশা পুরো দক্ষিণ এশিয়ায় বাড়তি মনোযোগ পাবে। এ ছাড়া ইসলামাবাদের নীতিনির্ধারকেরা চাইছেন, ভারতের সঙ্গে তাঁদের পানিকেন্দ্রিক উত্তেজনায় চীন জড়িয়ে পড়ুক। তাতে হয়তো ভারত সিন্ধু চুক্তি নাকচ করতে চাইলে চীনকে দিয়ে ব্রহ্মপুত্রের পানি বন্ধ করে দেওয়ার মতো পাল্টা ব্যবস্থা নেওয়া যাবে।

    এই তিন দেশের পানিকেন্দ্রিক সংঘাতের লক্ষণীয় একটা দিক—তারা সবাই এমন দুই অঞ্চলের জলসম্পদ (তিব্বত ও কাশ্মীর) ব্যবহার করে বিবাদে লিপ্ত, খোদ যেসব এলাকার মানুষ নানা রূপে স্বাধিকারের দাবিতে কমবেশি সোচ্চার। কাশ্মীর ভারত-পাকিস্তান ভাগ করে নিয়ন্ত্রণ করছে প্রায় আট দশক। অন্যদিকে চীন তিব্বতের নিয়ন্ত্রণ নিয়েছে, সে–ও সাত দশক হয়ে গেল। কেন্দ্র থেকে বহু দূরের ‘নিয়ন্ত্রিত এলাকা’য় ড্যামযুদ্ধের ক্ষয়ক্ষতি যে রকম হচ্ছে ও হবে—রাষ্ট্রসমূহের কেন্দ্রে থাকা অভিজাত নীতিনির্ধারকদের জীবনে সে রকম আঁচ ও আঁচড় লাগবে সামান্যই।

    তবে অর্থের হিসাব দেখলেও বোঝা যায়, আলোচ্য তিন দেশ ড্যামযুদ্ধকে অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে নিচ্ছে। এ বছর ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিতমাত্র পাকিস্তান তাদের উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে (খাইবার পাখতুনখায়া) মহমান্দ ড্যাম গড়ার কাজে চীনের সংশ্লিষ্টতা বাড়িয়েছে। বিষয়টা স্পষ্ট, সিন্ধু চুক্তি অনুযায়ী পানি পাওয়ার ক্ষেত্রে ভারত কখনো বড় আকারে বাধা হয়ে দাঁড়ালে তার বিকল্প উৎস ঠিক করে রাখছে পাকিস্তান এবং চীন তাতে সহযোগিতা করছে; যদিও সোয়াত নদীর ওপর মহমান্দ ড্যাম কেবল পেশোয়ারের পানিনিরাপত্তা বাড়াবে, তবে পাকিস্তান সারা দেশের জন্য এ রকম নানামুখী কারিগরি বিকল্প ভাবছে এখন। চীনকে দিয়ে আজাদ কাশ্মীরেও নদীপ্রবাহে অন্তত পাঁচটি জলপ্রপাত বানাতে চায় ইসলামাবাদ।

    এভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর শাসকদের জাতীয়তাবাদী দ্বন্দ্ব ও মেরুকরণ পুরো অঞ্চলের প্রতিবেশের স্বাভাবিক ধরন ধ্বংস করে দিচ্ছে। নদীগুলোর ওপর চেপে বসছে একের পর এক কংক্রিটের কাঠামো। এ ধরনের অবকাঠামোগত নির্মাণে সব দেশের ব্যবসায়ী মহলও অত্যুৎসাহী। বাংলাদেশেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। কিন্তু বৃহত্তর রংপুরে সম্ভাব্য ওই অবকাঠামোর পরিবেশগত প্রতিক্রিয়া নিয়ে তেমন অনুসন্ধানী বক্তব্য পাওয়া যায় না।

    নদী ও পানি যখন সংঘাতের উপাদান:

    এটা বেশ স্পষ্ট, ভারত ও চীনের চলতি ড্যামযুদ্ধ দক্ষিণ এশিয়াজুড়ে উদীয়মান পানিযুদ্ধের সর্বশেষ একাংশ। মে মাসে ভারত-পাকিস্তানে যে যুদ্ধ হয়ে গেল, তাতেও পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে। সিন্ধু নদীচুক্তি স্থগিত করার কথা জানিয়েছিল ভারত তখন। আবার সিন্ধুতে বাঁধ দিলে পাকিস্তানের সেনাপ্রধান সেটা ধ্বংসে মিসাইল ছোড়ার হুমকি দিলেন সম্প্রতি।

    চীন-ভারত-পাকিস্তান সামনের দিনগুলোতে আন্তসীমান্ত নদীগুলোকে পরস্পরকে মোকাবিলার উপাদান হিসেবে ভাবছে এবং পানিপ্রবাহকে দখল-বেদখলের বিষয় করে তুলছে। তাদের এ যুদ্ধ-প্রতিযোগিতার অনিবার্য বলি হতে পারে ভাটির বাংলাদেশ। অথচ বাংলাদেশের রাজনীতিবিদ ও নাগরিক সমাজের নেতারা এসব বিষয়ে কথা বলেন না। কখনো ভারতের প্রতি, কখনোবা চীনের প্রতি সমর্পিত হয়ে থাকছে বিশেষজ্ঞ কণ্ঠস্বরগুলো। দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা চিন্তায়ও নদী ও পানি অনেকাংশে অনুপস্থিত। গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও সমাধানমূলক কথা শোনা যাচ্ছে না কোনো তরফ থেকে এখনো। অথচ কিছুদিন পরই ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হবে। নির্বাচনপরবর্তী সরকারের জন্য বিশাল এক চ্যালেঞ্জ হয়ে উঠবে এটা তখন। সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.