মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনসহ রাশিয়ার তেল কিনা অন্যান্য দেশগুলোর ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের পরিকল্পনা এখনই নেই। গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন। তবে ট্রাম্প সতর্ক করে বলেন, ‘দুই বা তিন সপ্তাহের মধ্যে’ পরিস্থিতি বদলালে তা করতে হতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, একই অপরাধে ভারতের পণ্যে ইতোমধ্যেই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে। সেই সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে আরও শুল্ক আরোপের বিষয়ও বিবেচনা করা হবে। রাশিয়ার তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা হলো চীন ও ভারত।
গত সপ্তাহে ট্রাম্প ভারতের পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত এখনও রাশিয়ার তেল আমদানি করছে। চীন রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা হলেও, ট্রাম্প তেমন কোনো পদক্ষেপ নেননি। ফক্স নিউজের সাংবাদিক শন হ্যানিট ট্রাম্পকে প্রশ্ন করেন, আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে ইউক্রেনে কোনো সমাধান বা যুদ্ধবিরতি আনতে ব্যর্থ হওয়ার পর কি বেইজিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।
ট্রাম্প জবাব দেন, ‘আজ যা ঘটেছে, তাতে মনে হয় এখনই এ বিষয়ে ভাবার প্রয়োজন নেই। দুই বা তিন সপ্তাহ পরে হয়তো ভাবতে হতে পারে। তবে বৈঠক খুব ভালো হয়েছে।’ বিশ্লেষকরা বলছেন, যদি ট্রাম্প রাশিয়া-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা ও শুল্ক আরও বাড়ান, তাহলে চীনের ধীরগতির অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অবস্থায় শি জিনপিং ও ট্রাম্প বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করছেন, যাতে বিশ্ববাজারে উত্তেজনা কমানো যায়। তবে ট্রাম্প দমনমূলক পদক্ষেপ জোরদার করলে, রাশিয়ার বাইরে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে চীন।
ভারতের অবস্থান: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে। আমরা ইতোমধ্যেই আমাদের অবস্থান স্পষ্ট করেছি। ভারতের আমদানি বাজারের ওপর নির্ভরশীল। দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য।’ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্ক আরোপকে দুঃখজনক আখ্যা দিয়েছে।

