আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত তামার দাম প্রতি টন ১০,৫০০ ডলারের ওপরে থাকতে পারে। সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক আর্থিক সেবা প্রতিষ্ঠান ইউবিএস সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে। খবরটি প্রকাশ করেছে ইনভেস্টিংডটকম ও হেলেনিক শিপিং নিউজ।
ইউবিএস জানাচ্ছে, বিশ্ববাজারে তামার দাম সাম্প্রতিক সময়ে কিছুটা ওঠানামা করেছে। তবে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত ধাতুটির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকতে পারে। তাই ব্যবসায়ীদের জন্য ছোটখাটো দামের ওঠানামা থেকে আয় করার কৌশলই বেশি লাভজনক হবে। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ২০২৫ ও ২০২৬ সালে বৈশ্বিক তামা বাজারে ঘাটতি থাকতে পারে। এই পরিস্থিতিতে দাম কিছুটা কমলেও তা সীমিত পরিসরে হবে।
গতকাল তামার দাম সীমিতভাবে ওঠানামা করেছে। মূল কারণ হলো ব্যবসায়ীদের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিসংখ্যানের প্রকাশের অপেক্ষা। পাশাপাশি সরবরাহের ব্যাঘাত এবং উৎপাদন কমার পূর্বাভাস ধাতুর দাম কিছুটা বাড়িয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম ০.৩১ শতাংশ বেড়ে প্রতি টন ৯,৮৩৩ ডলারে পৌঁছেছে। অন্যদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) দাম ০.১১ শতাংশ কমে প্রতি টন ৭৯,২৫০ ইউয়ান বা ১১,০৫২.২৩ ডলারে দাঁড়িয়েছে।

