বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ভারতীয় দুই রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করেছে। এসব কোম্পানি হলো ওএনজিসি ভিদেশ (ওভিএল) এবং অয়েল ইন্ডিয়া (ওআইএল)।
ভারত ও বাংলাদেশের চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই ঘটনা ঘটল। উভয় কোম্পানি বাংলাদেশের দুটি অফশোর তেল ও গ্যাস ব্লকে কাজ করছিল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন জানায়, ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের পর ওভিএল ও ওআইএল নিজ নিজ ব্লক থেকে সরে যাচ্ছে।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং তার ভারতের আশ্রয়ের পর থেকে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। এ কারণে ভারত তৈরি পোশাক, জুস, খাদ্যপণ্য এবং তুলাজাতীয় পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। জবাবে বাংলাদেশ স্থলবন্দর মারফত ভারতীয় সুতা রপ্তানি বন্ধ করেছে।
শেখ হাসিনার সরকারের সময় ওভিএল, ওআইএল এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) দুটি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য কনসোর্টিয়াম গঠন করেছিল। এতে ভারতীয় দুটি কোম্পানির শেয়ার ছিল ৪৫ শতাংশ করে, বাপেক্সের শেয়ার ১০ শতাংশ।
অয়েল ইন্ডিয়া গত মঙ্গলবার বিএসই-তে আর্থিক প্রতিবেদন দাখিল করে জানিয়েছে, তারা SS-04 এবং SS-09 ব্লক থেকে সরে যাচ্ছে। কূপ, অন্যান্য সম্পদ এবং অসম্পূর্ণ কাজের জন্য ৩০৭.৪৩ কোটি রুপি প্রভিশন দেখিয়েছে। প্রভিশন হলো ব্যাংকঋণের বিপরীতে সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় সংরক্ষিত অর্থ।
ওএনজিসিও জানিয়েছে, ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি পেট্রোবাংলা SS-04 এবং SS-09 ব্লকের জন্য যথাক্রমে ১৬.৪ মিলিয়ন ও ১৬.৭ মিলিয়ন ডলারের ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করেছে। ২৭ জুন ওভিএল বোর্ড এই দুটি ব্লকের উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) বাতিলের অনুমোদন দিয়েছে।
পেট্রোবাংলা ব্লকের ন্যূনতম কাজের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করা হয়েছে। তাই ওভিএল তাদের ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদনে SS-04 ও SS-09 ব্লকের জন্য যথাক্রমে ১৪০ কোটি (১৬.৪ মিলিয়ন ডলার) ও ১৪৩ কোটি (১৬.৭ মিলিয়ন ডলার) রুপি অন্তর্ভুক্ত করেছে।
ওএনজিসি ২০২৪ বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, SS-04 ও SS-09 ব্লকে বাণিজ্যিকভাবে উত্তোলন যোগ্য জ্বালানি আবিষ্কারের নিশ্চয়তা নেই। অনুসন্ধান সময়ের জন্য ৩১ কোটি রুপি লোকসান ধরা হয়েছে।
অয়েল ইন্ডিয়া বলেছে, ২০১২ সালে বাংলাদেশ অগভীর সমুদ্রের SS-04 ও SS-09 ব্লকে অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে। SS-04 ব্লকের আয়তন ৭,২৬৯ বর্গ কিলোমিটার, SS-09 ব্লকের ৭,০২৬ বর্গ কিলোমিটার। উভয় ব্লকের প্রাথমিক পিএসসি চুক্তি ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য স্বাক্ষরিত হয়। ব্লকগুলোর মেয়াদ ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
ব্লকগুলোতে বাধ্যতামূলক সিসমিক জরিপ সম্পন্ন হয়েছে। SS-04 ব্লকে ১টি অনশোর কূপ (কাঞ্চন-১ এক্স) খনন শেষ হয়েছে। দুটি অফশোর কূপের খননের চুক্তি কৌশল চূড়ান্ত করা হচ্ছিল। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত দুটি ব্লকে কোম্পানির শেয়ারের বিনিয়োগ ৩১.৮৩ মিলিয়ন ডলার।

