মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতের ওপর শুল্ক আরোপ করেছেন। তিনি দাবি করেছেন, এই শাস্তির পর রাশিয়া ভারতকে আর তেলের গ্রাহক হিসেবে পাবে না। গত শুক্রবার এই মন্তব্য করেছেন ট্রাম্প, যা এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার অপরিশোধিত তেল কেনা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর তিনি হয়তো আর অতিরিক্ত শুল্ক আরোপ করবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র আগে হুমকি দিয়েছিল, যদি ইউক্রেনে যুদ্ধে শেষ করার কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর ওপর দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। চীন ও ভারত রাশিয়ার প্রধান দুই তেল ক্রেতা দেশ। এই নিষেধাজ্ঞার কারণে গত মাসে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। অতিরিক্ত শুল্কটি ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে নয়াদিল্লি এখনো মস্কো থেকে তেল কেনা স্থগিতের কোনো নিশ্চয়তা দেয়নি।
গতকাল শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে হারালেন। ভারত তাঁর প্রায় ৪০ শতাংশ তেল কিনে নিত। চীনও অনেক কেনে। যদি আমাকে দ্বিতীয় স্তরের শুল্ক আরোপ করতে হয়, তবে তা তাদের জন্য ধ্বংসাত্মক হবে। হয়তো আমাকে তা করতে হবে না। তবে করব যদি প্রয়োজন হয়। ”
রাশিয়া থেকে তেল আমদানির কারণে ৬ আগস্ট ট্রাম্প ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন। পরে তা দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করা হয়। ভারত এই পদক্ষেপকে ‘অন্যায়, অযৌক্তিক এবং অসংগত’ বলে নিন্দা জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এই শুল্ক বস্ত্র, সামুদ্রিক ও চামড়াজাত পণ্যের রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগে বলেছেন, অর্থনৈতিক চাপের মুখে ভারত পিছু হটবে না।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ভারতের রাষ্ট্রীয় তেল শোধনাগারগুলো রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করেছে। যদিও ভারত সরকার এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। গত বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান এএস সাহনি বলেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। অর্থনৈতিক বিবেচনার ভিত্তিতেই কেনা চালিয়ে যাচ্ছে। ২০২২ সালে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল বর্জন করে। ইউক্রেন আক্রমণের পর ভারত রাশিয়ার সর্ববৃহৎ তেলের গ্রাহক হয়ে ওঠে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যদি ভারত রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করে, চলতি অর্থবছরে আমদানির বিল ৯ বিলিয়ন ডলার এবং পরবর্তী বছরে ১২ বিলিয়ন ডলার বেড়ে যেতে পারে। রাশিয়ার সরবরাহ বন্ধ হলে ভারত ইরাক থেকে তেল কিনতে পারে। যুদ্ধের আগে ভারতের প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল ইরাক। এরপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দিকে নজর দিতে পারে নয়াদিল্লি।

